ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

কঙ্গোফেরত নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিনে রাখবে উগান্ডা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:১২, ২৫-১০-২০২৬

কঙ্গোফেরত নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিনে রাখবে উগান্ডা

ছবি: মেডিকেল পোস্ট

ইবোলা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় কঙ্গো ভ্রমণের ইতিহাস থাকা দেশে ফেরা নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে উগান্ডা। দেশটি এখনো ইবোলামুক্ত থাকার কথা জানালেও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।

রোববার (২৫ অক্টোবর) উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী ক্রিস বারিওমুনসি এ তথ্য জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উগান্ডা থেকে ভ্রমণ করা এক নারীর নাইজেরিয়ায় ইবোলা শনাক্ত হওয়ার ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় নাইজেরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভাইরাসের জিনগত বিশ্লেষণ, ভ্রমণের তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং চলাচলের গতিবিধি পর্যালোচনা করছেন কর্মকর্তারা।

বারিওমুনসি জানান, কেনিয়ায় শনাক্ত ইবোলা রোগীর সঙ্গে সংশ্লিষ্ট ৬০ জন সংস্পর্শে আসা ব্যক্তির ২১ দিনের পর্যবেক্ষণ শেষ হয়েছে। তাদের ছেড়ে দেওয়া হয়েছে। উগান্ডার বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথ, হোটেল এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের শনাক্ত করা হয়েছিল।

তিনি বলেন, ‘এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দর এবং সব স্থলসীমান্তে ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে মন্ত্রণালয়। আকাশপথ, স্থলপথ বা জলপথে উগান্ডায় প্রবেশ করতে ইচ্ছুক সব ভ্রমণকারীকে যাত্রী শনাক্তকরণ ফরম পূরণ করতে হবে।’

নাইজেরিয়ায় শনাক্ত একমাত্র নিশ্চিত ইবোলা রোগীর ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, সেটি কেনিয়ায় প্রথম শনাক্ত হওয়া রোগীর ভাইরাসের ধরনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তবে কেনিয়ার ওই রোগী নাইজেরিয়ায় ভ্রমণ করেছিলেন বা দুই ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে—এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে নাইজেরিয়ার কর্তৃপক্ষ।

ইবোলা প্রাদুর্ভাবের সূত্রপাত হওয়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) সঙ্গে উগান্ডার সীমান্ত রয়েছে। দেশটি এর আগেও ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলা করেছে।

এমপি/ আরআই

আরও পড়ুন