শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:২৫, ২৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
চীনা শল্যচিকিৎসক রেন শিয়াওপিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সম্প্রতি মস্কোর স্ক্লিফোসোভস্কি রিসার্চ ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিনে অস্ত্রোপচারটি করা হয়।
চিকিৎসকদের দাবি, কোষের টিস্যু জোড়া লাগানোর বিশেষ কৌশল ব্যবহার করে এ ধরনের অস্ত্রোপচার বিশ্বে প্রথমবারের মতো করা হয়েছে। তিন বছর আগে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন ওই রোগী। এতে তার মেরুদণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়।
নিউ সায়েন্টিস্টের প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচারে রোগীর ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডের অংশ সরিয়ে মস্তিষ্কের মৃত্যু হওয়া এক ব্যক্তির মেরুদণ্ডের টিস্যুর একটি অংশ প্রতিস্থাপন করা হয়। এ কাজে মাইক্রোসার্জারি পদ্ধতির পাশাপাশি পলিইথিলিন গ্লাইকোল নামের একটি পদার্থ ব্যবহার করেন চিকিৎসকরা। পদার্থটি কোষের ঝিল্লি জোড়া লাগাতে সহায়তা করে।
রেন শিয়াওপিং জানান, চীনের গুয়াংসি ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিনের দ্বিতীয় অধিভুক্ত হাসপাতালের চিকিৎসক দল ও রাশিয়ার চিকিৎসকরা যৌথভাবে অস্ত্রোপচারটি পরিচালনা করেন। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনও গত ১৬ অক্টোবর টেলিগ্রামে রোগীর অবস্থা সম্পর্কে তথ্য জানান। তিনি বলেন, শুরুতে রোগীর সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তিনি ভালো অনুভব করছেন।
এর আগে মানবমস্তক প্রতিস্থাপনের অস্ত্রোপচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রেন শিয়াওপিং। এবার তার নেতৃত্বাধীন দলের মেরুদণ্ডের টিস্যু প্রতিস্থাপনের এই উদ্যোগ চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার পাশাপাশি পদ্ধতিটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন সামনে এনেছে।
এমপি/ আরআই