শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ বা গর্ভজনিত জটিলতা নিয়ে ওই নারী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কম পাওয়া যায়। পাশাপাশি রক্তক্ষরণ অব্যাহত থাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসকরা দ্রুত তাকে ‘এ পজিটিভ’ রক্ত দেওয়ার পরামর্শ দেন। কিন্তু পরদিন সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও রক্তদাতা জোগাড় করতে পারেননি স্বজনরা।
বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন চিকিৎসক ডা: মাহিদুল ইসলাম তুহিন। নিজের রক্তের গ্রুপ রোগীর সঙ্গে মিলে যাওয়ায় হাসপাতালের ব্যস্ততার মধ্যেই তিনি নিজ শরীর থেকে রক্তদান করেন। তার সময়োপযোগী উদ্যোগে সংকটাপন্ন ওই রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহায়তা হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উজিরপুর উপজেলায় জরুরি রক্তদাতার সংকটের বিষয়টি তুলে ধরেন ডা: মাহিদুল। তিনি জানান, নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় এবার রোগীকে রক্ত দিতে পেরেছেন। কিন্তু অন্য কোনো গ্রুপের রক্তের জরুরি প্রয়োজন হলে তা কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
এ সময় উজিরপুর উপজেলায় জরুরি প্রয়োজনে রক্তদাতাদের একটি শক্তিশালী ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক।
এমপি/ আরআই