শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
এবার ১১টি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের বড় একটি অংশের পছন্দের তালিকায় রয়েছে সরকারি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়। ফলে এসব প্রতিষ্ঠানে আসনসংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট তথ্যমতে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তিযোগ্য আসন ৫ হাজার ১০০টি। সরকারি ডেন্টাল কলেজে আসন রয়েছে ৫৪৫টি। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে।
সব মিলিয়ে মেডিকেল, ডেন্টাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ হাজার আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে নামবেন বিপুলসংখ্যক শিক্ষার্থী। বিশেষ করে সরকারি মেডিকেল কলেজে সীমিত আসনের কারণে প্রতিযোগিতা আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আসনের সংকট নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত শনিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এইচএসসি ও সমমানে পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরেও অনেক আসন ফাঁকা থাকবে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ও ডিগ্রি (পাস) প্রথম বর্ষে প্রায় ৮ লাখ ৭৫ হাজারের বেশি আসন রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযোগ্য আসন প্রায় ৪ লাখ। এ ছাড়া ফাজিল ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ রয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ১৯ মার্চ বি ইউনিট, ২০ মার্চ সি ও ডি ইউনিট এবং ২৭ মার্চ এ ইউনিটের অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি।
এমপি/ আরআই