ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৮, ০২-১১-২০২৬

ক্যান্সার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন দিচ্ছে সরকার

ছবি: মেডিকেল পোস্ট

ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বাড়াতে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মেশিন পরিচালনার জন্য ৩০৫ জন রেডিওথেরাপি টেকনিশিয়ান ও ১২৫ জন ফিজিসিস্টের পদ সৃষ্টির লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাক-কান-গলা ইনস্টিটিউটের চিকিৎসকদের দক্ষতা ও সেবার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমি কিছুদিন আগে নাক-কান-গলা ইনস্টিটিউটে গিয়েছিলাম। আমি দেখেছি আমাদের ডাক্তারদের কী দক্ষতা সেখানে। কত কঠিন কঠিন চিকিৎসা করেন, অপারেশন করেন। না শোনা মানুষকে শোনান। বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ওদের সাফল্যটা আমি দেখে এসেছি। ওনাদের পরিচ্ছন্নতা দেখেছি। ম্যানেজমেন্ট দেখেছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।’

ইনস্টিটিউটের সেবার পরিধি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি ওনাকে বলেছিলাম যে আপনি আসেন একটা অল্টারনেটিভ জায়গার ব্যবস্থা করেন। এখানে আরেকটা ইউনিট টু করার করতে হবে। কারণ সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আধুনিক হাসপাতালে রোগীর সেবা দেওয়া সম্ভব না। আমি আজকে আবার অনুরোধ করতেছি, উনি তাড়াতাড়ি আসেন। আমরা আরেকটা ডিপিপি করব নাক-কান-গলার একটা ইউনিট টু করার জন্য। ওইটার সাথে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে।’

চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ৫ হাজার ডাক্তারের অ্যাডভারটাইজমেন্ট ২৫ তারিখে শেষ হয়েছে। রিক্রুটমেন্ট শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মিটিং থেকে আলাপ করেছেন এই ব্যাপারে এবং যথাযথ ব্যবস্থা তড়িৎ গতিতে গ্রহণ করার জন্য বলেছেন। আড়াই হাজার নার্স নিয়োগ করতে যাচ্ছি। আমরা অলরেডি স্পেশাল এসবি ভেরিফিকেশন হচ্ছে। সেটা আমরা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করতে যাচ্ছি।’

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১০ দিনের ভিতরে আপনারা ১৬ হাজার কোটি টাকার একটা টেন্ডার দেখবেন সকল উপজেলা হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল এবং ওয়ার্ডের হেলথ ওয়েলফেয়ার সেন্টার সম্বন্ধে। আমরা মানুষকে মানুষের দ্বারগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে যেতে চাই।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আটটা ডিভিশনে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটগুলি কাজ প্রায় ৭০ টু ৮০ শতাংশ শেষ হয়েছে। আমরা সেগুলিতেও এই রেডিওথেরাপি মেশিন ব্যবস্থা করব। কিডনি ডায়ালাইসিস ডিস্ট্রিক্ট লেভেলে আমরা নিয়ে যাচ্ছি আগামী ছয় মাসের ভিতরে। সেটারও টেন্ডার হয়ে গেছে। আপনারা জানেন প্রায় ১১শ ডায়ালাইসিস মেশিনে আমরা টেন্ডার আহ্বান করেছি।’

নাক-কান-গলা ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি আবারো আমার অন্তর অন্তস্থল থেকে সেই হাসপাতালে চিকিৎসা যারা করেন ডাক্তারদের শ্রদ্ধা জানাচ্ছি। আরও সামনের দিকে যত রকম সুবিধা সৃষ্টি করা যায় আধুনিক চিকিৎসার জন্য ইনশাল্লাহ আমাদের সরকার আমরা স্বাস্থ্য খাতের সকল বরাদ্দ প্রদানের জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের জন্য উদার হস্তে টাকা বরাদ্দ করে যাচ্ছেন। আরও লাগলে আরও দিবেন। তবু স্বাস্থ্যসেবা মানুষের দরঘরে পৌঁছে নিতে হবে। সকল জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

এমপি/ আরআই

আরও পড়ুন