ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

লালমনিরহাটে বেড়েছে শিশু রোগীর চাপ, হাসপাতালে শয্যাসংকট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৩, ১৬-১১-২০২৬

লালমনিরহাটে বেড়েছে শিশু রোগীর চাপ, হাসপাতালে শয্যাসংকট

ছবি: মেডিকেল পোস্ট

শীতের আগমনে লালমনিরহাট সদর হাসপাতালে বেড়েছে শিশু রোগীর চাপ। জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার পাশাপাশি স্ক্যাবিসে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে। তবে শয্যাসংকটে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। কেউ কেউ শয্যা না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

সোমবার (১৬ নভেম্বর) লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিশু বিভাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু বিভাগে ৩০টি শয্যা থাকার কথা থাকলেও বর্তমানে চালু রয়েছে মাত্র ১০টি। এর বিপরীতে ভর্তি রয়েছে ৬১ শিশু। তাদের মধ্যে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে (এআরআই) আক্রান্ত ৫ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ১৬ জন। গত শনিবার হাসপাতালে ১০ জন শিশু ভর্তি ছিল। রোববার নতুন করে ভর্তি হয়েছে আরও ৯ জন।

রোগীর চাপ বেড়ে যাওয়ায় একই শয্যায় একাধিক শিশুকে রাখতে হচ্ছে। অনেককে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। এতে স্বাভাবিক চিকিৎসা পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণ ও বাড়তি পরিচর্যা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশুদের সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, রোটাভাইরাসজনিত ডায়রিয়া ও স্ক্যাবিসের প্রকোপ বাড়ে। এ সময় শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঠান্ডা থেকে সুরক্ষিত রাখা এবং অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শিশুদের স্বজনদের অভিযোগ, শয্যা না থাকায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। শীতের শুরুতেই রোগীর এমন চাপ দেখা দেওয়ায় সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা। দ্রুত শয্যাসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন স্বজনরা।

হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর অভিভাবক আব্দুল খালেক জানান, তার সন্তানের মুখে ঘা, বমি ও ডায়রিয়া ছিল। দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রেখে স্যালাইন দেওয়া হচ্ছে। শয্যাসংকট ছাড়া হাসপাতালে অন্য কোনো সমস্যা দেখছেন না জানিয়ে দ্রুত শয্যার সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি।

আরেক অভিভাবক রওশনা আক্তার জানান, তার সন্তান ১০ দিন ধরে অসুস্থ। কিছু খেতে পারে না, খেলেই বমি করে। জ্বরও রয়েছে। বাড়িতে চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে, সৈয়দ আলী নামে এক অভিভাবক জানান, তার সন্তানের হাতে-পায়ে ঘা, জ্বর ও সর্দি রয়েছে। অনেক ওষুধ খাওয়ানোর পরও ভালো না হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছেন। তবে রোগীর চাপ বেশি এবং শয্যা না থাকায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছেন।

শিশু ও নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা: তপন কুমার জানান, শীতের শুরুতেই হাসপাতালে শিশু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। সর্দি-কাশি ও শ্বাসকষ্টের পাশাপাশি শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণ এবং রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশুরাও আসছে। শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হলেও সামর্থ্য অনুযায়ী সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তারা। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও অন্যান্য চিকিৎসাসামগ্রী রয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ আরশাদ হোসেন বলেন, শীতের আগমনে জেলায় শিশুদের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও রোটাভাইরাসজনিত ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশু বিভাগের ৩০টি শয্যার বিপরীতে বর্তমানে ৬১ শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসায় একজন মেডিকেল অফিসার ও একজন শিশু কনসালট্যান্ট দায়িত্ব পালন করছেন। সীমিত সামর্থ্যের মধ্যেও যত্নসহকারে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এমপি/ আরআই

আরও পড়ুন