ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন

স্বাস্থ্যে বছরে ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫, ১৬-১১-২০২৬

স্বাস্থ্যে বছরে ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন বাণিজ্য

ছবি: মেডিকেল পোস্ট

ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন, সরকারি হাসপাতালে ঘুষ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম এবং নিয়োগ-বদলিতে রাজনৈতিক প্রভাব—বহুমাত্রিক দুর্নীতিতে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত। শুধু বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে রোগী পাঠিয়ে চিকিৎসকদের কমিশন বাবদ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা লেনদেন হতে পারে। এ ছাড়া সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকার তথ্য উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের এক প্রতিবেদনে।

গতকাল (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ‘চ্যালেঞ্জিং করাপশন: স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশ’স হেলথ সেক্টর’ শীর্ষক ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী (ইমেরিটাস) শামসুল এল আরেফিন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা লেনদেন হতে পারে বলে গবেষকদের ধারণা। এ কমিশন বাণিজ্যের কারণে রোগীদের চিকিৎসা ব্যয় বাড়ছে। পাশাপাশি অপ্রয়োজনীয় পরীক্ষা করানোর ঝুঁকিও তৈরি হচ্ছে।

স্বাস্থ্য খাতে জনবল ব্যবস্থাপনার দুর্বলতাও উঠে এসেছে প্রতিবেদনে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী গবেষণায় কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। এতে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির তথ্য পাওয়া গেছে। কিছু চিকিৎসা সরঞ্জাম ন্যায্যমূল্যের সর্বোচ্চ ১৮ গুণ দামে সরবরাহ করা হয়েছে। অন্যদিকে, ২৮৩ কোটি টাকা ব্যয়ে কেনা যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে রয়েছে। যথাযথ পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ ও জনবলের অভাবে এসব যন্ত্রপাতি কাজে লাগানো যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়, ই-টেন্ডার চালুর পরও দরপত্রের তথ্য ফাঁস করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও প্রভাব বিস্তারের সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করছে।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও বিভিন্ন পর্যায়ে অবৈধ অর্থ দিতে হচ্ছে রোগীদের। শয্যা বরাদ্দ, অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ ও ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা একটি ঘটনায়, অস্ত্রোপচারের তারিখ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ওয়ার্ডবয় এক বয়স্ক রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ওয়ার্ডে কোনো অস্ত্রোপচারই হয়নি।

এ ছাড়া হাসপাতালের দালালচক্রের দৌরাত্ম্য, রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং বিভিন্ন সেবা পেতে বাড়তি অর্থ আদায়ের কারণে চিকিৎসার ব্যয় বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ, বদলি ও পদোন্নতিতেও রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক লাখ ৮০ হাজারের বেশি জনবলের নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত যোগাযোগের ভূমিকা রয়েছে। এতে যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে প্রভাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দুর্নীতি শুধু আর্থিক অনিয়ম বা টেন্ডারবাজিতে সীমাবদ্ধ নয়। নীতি প্রণয়নের সময় বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতে নীতিকে প্রভাবিত করাও দুর্নীতির অংশ। তাই শুধু অপরাধী শনাক্ত করে শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, স্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান এবং সুশাসন প্রয়োজন।

নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক বলেন, টিকা কেনার ক্ষেত্রে বছরের পর বছর আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরশীলতা হতাশাজনক। ই-টেন্ডার চালু হলেও দরপত্রের তথ্য ফাঁস করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের দুর্নীতি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের ফল নয়; বরং দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নিয়োগ ও ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিয়মিত তদারকি, কার্যকর জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

এমপি/ আরআই

আরও পড়ুন