শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:১৬, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৫ নভেম্বর) এফডিএর সিদ্ধান্তের কথা জানিয়েছে ওষুধটির উদ্ভাবক ও বিপণনকারী প্রতিষ্ঠান সামিট থেরাপিউটিকস। সংস্থাটি জানিয়েছে, এফডিএর পাঠানো ‘কমপ্লিট রেসপন্স লেটারে’ বলা হয়েছে, আইভোনেসিম্যাব রোগের অগ্রগতি ঠেকাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও সামগ্রিক বেঁচে থাকার সময় বাড়ানোর ক্ষেত্রে পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ ফল দেখাতে পারেনি।
সামিটের ওষুধটির অনুমোদন আবেদনের ভিত্তি ছিল শেষ পর্যায়ের একটি ক্লিনিক্যাল ট্রায়াল। এতে কেমোথেরাপির সঙ্গে আইভোনেসিম্যাব প্রয়োগে শুধু কেমোথেরাপি নেওয়া রোগীদের তুলনায় রোগের অগ্রগতি বা মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ কমে আসে। তবে পরীক্ষার প্রাথমিক বিশ্লেষণে রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সময় উল্লেখযোগ্যভাবে বাড়ার প্রমাণ মেলেনি।
পরবর্তী সময়ে সামিট হালনাগাদ তথ্য এফডিএর কাছে জমা দেয়। প্রতিষ্ঠানটির দাবি, এ তথ্য বিশ্লেষণে এশীয় ও পশ্চিমা—উভয় অঞ্চলের রোগীদের মধ্যে মৃত্যুঝুঁকি কমার ধারাবাহিক ইঙ্গিত পাওয়া গেছে। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণেও ওষুধটির কার্যকারিতার পক্ষে তথ্য রয়েছে বলে দাবি করে সামিট।
তবে এফডিএর মতে, শুধু রোগের অগ্রগতি বিলম্বিত হওয়ার তথ্য ওষুধটির অনুমোদনের জন্য যথেষ্ট নয়। রোগীর সামগ্রিক বেঁচে থাকার সময়ের উন্নতি না থাকায় এর সম্ভাব্য উপকার ও ঝুঁকির মধ্যে সন্তোষজনক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি।
আইভোনেসিম্যাব এমন একটি ওষুধ, যা একই সঙ্গে পিডি-১ ও ভিইজিএফ নামের দুটি প্রোটিনকে বাধা দেওয়ার জন্য তৈরি। পিডি-১ ক্যান্সার কোষকে রোগপ্রতিরোধ ব্যবস্থা থেকে আড়াল হতে সহায়তা করে। অন্যদিকে ভিইজিএফ টিউমারের রক্তনালি তৈরিতে ভূমিকা রাখে। ওষুধটি এই দুই প্রক্রিয়ায় বাধা দিয়ে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ শনাক্ত ও আক্রমণে সহায়তা করার কথা।
২০২২ সালে চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান আকেসোর কাছ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও জাপানে আইভোনেসিম্যাবের স্বত্ব নেয় সামিট। চুক্তিটির সম্ভাব্য মূল্য ছিল ৫০০ কোটি ডলার। তবে চীনসহ অন্যান্য বাজারে ওষুধটির স্বত্ব আকেসোর কাছেই রয়েছে।
গত সেপ্টেম্বরে সামিটের সঙ্গে ২০০ কোটি ডলারের বিনিয়োগ ও গবেষণা সহযোগিতার ঘোষণা দেয় অ্যাস্ট্রাজেনেকা। এ সহযোগিতার আওতায় অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট ক্যান্সার চিকিৎসার সঙ্গে আইভোনেসিম্যাবের সমন্বয় নিয়ে গবেষণা হওয়ার কথা।
এদিকে, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে জনসন অ্যান্ড জনসনের রাইভব্র্যান্ট এবং অ্যাস্ট্রাজেনেকার ট্যাগ্রিসো ব্যবহৃত হয়। সামিট জানিয়েছে, ফুসফুসের ভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়ে তাদের আরেকটি শেষ পর্যায়ের গবেষণার ফল চলতি বছরের শেষ নাগাদ প্রকাশ করা হতে পারে।
এমপি/ আরআই