ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৩, ১৬-১১-২০২৬

৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

ছবি: মেডিকেল পোস্ট

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) থেকে অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এ কার্যক্রম চালু হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব কেন্দ্র বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডির নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্সের (ই-ভিডিআর) আবেদন প্রক্রিয়ায় এগোনোর আগে এ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।

এদিকে, সরকার মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে। কোনো মেডিকেল সেন্টার যাতে নির্ধারিত ফির বেশি আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল অনুমোদন প্রক্রিয়া দ্রুত করা এবং পদ্ধতিগত বাধা দূর করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর সঙ্গে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের বৈঠকও হয়।

যেসব কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে

অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের মধ্যে রয়েছে—

মতিঝিল: এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার।

ফকিরাপুল: ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস।

পুরানা পল্টন: ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, এ এফ মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার।

নয়াপল্টন: আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ওয়ান প্লাস মেডিকেল সেন্টার।

বিজয়নগর ও ডিআইটি অ্যাভিনিউ: পারফেক্ট মেডিকেয়ার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার ও ভিটা হেলথ মেডিকেল।

বনশ্রী ও রামপুরা: ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, লিডিং হেলথ চেকআপ লিমিটেড, ডায়নামিক ল্যাব, ডেল্টা হেলথ কেয়ার ও পিওর হেলথ মেডিকেল সেন্টার।

বনানী ও কাকলী: গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সারা হেলথ কেয়ার, এলবি হেলথকেয়ার, সানমুন মেডিকেল সেন্টার ও পুষ্প ক্লিনিক।

অন্যান্য এলাকা: প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড, মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, বসুন্ধরার সুরক্ষা মেডিকেল সেন্টার, দক্ষিণখানের জান্নাহ মেডিকেল সার্ভিসেস, উত্তরা সেক্টর-৪-এর মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আবদুল্লাহপুরের আইচি হাসপাতাল, গাজীপুরের শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, ধানমন্ডির ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্টের ইশতিয়াক মেডিকেল সেন্টার ও ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাটিকাটার মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টার।

আরও যেসব কেন্দ্রে পরীক্ষা হবে: নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, তেজগাঁও বিমানবন্দর সড়কের এভারগ্রিন মেডিকেল সেন্টার এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস।

এমপি/ আরআই

আরও পড়ুন