শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ঘিরে ঈশ্বরদীর নতুনহাট এলাকা ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করেন, যাদের বেশিরভাগই রুশ নাগরিক। তাদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন গ্রিন সিটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। তবে এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ কারবারে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, সলিমপুর ইউনিয়নের বাসিন্দা নবাব আলী গ্রিন সিটির ২ নম্বর গেটের বিপরীতে বাজারের ভেতরে একটি কথিত ফার্মেসি খুলেছেন। দিনের বেলায় দোকানটি বন্ধ থাকলেও সন্ধ্যার পর খোলা হয় এবং গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। বিদেশি নাগরিকদের আকৃষ্ট করতে দোকানের সাইনবোর্ডও রুশ ভাষায় লেখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন, নবাব আলী দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। বিদেশি নাগরিকদের ভুল বুঝিয়ে নানাভাবে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছেন তিনি।
ইমরান হোসেন নামে এক যুবক বলেন, দোকানটির বেশিরভাগ ওষুধই নামসর্বস্ব বিভিন্ন কোম্পানির। ভালো কোনো কোম্পানির ওষুধ সেখানে বিক্রি করা হয় না। বিদেশি নাগরিকদের কাছে এসব ওষুধ চড়া দামে বিক্রি করা হচ্ছে।
রিংকু নামে আরেকজন অভিযোগ করেন, ওই দোকানে শত শত ধরনের যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা হয়। পাশাপাশি ভালো কোম্পানির ওষুধের নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন কথিত ভিটামিনও বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের অনুমোদন নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির মালিক নবাব আলী বলেন, ‘এখানে রাশিয়ান নাগরিকরা চলাচল করেন। তাদের জন্যই এই ওষুধগুলো রাখা। এখানে বাঙালিরা খুব একটা আসে না, বাঙালিরা এগুলো খুব একটা খায় না। তবে এটা আসলে আমাদের বিক্রি করা উচিত না, কারণ এসব ওষুধে মানুষের অনেক ক্ষতির সম্ভাবনা আছে।’
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘অবৈধ ওষুধ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি যেহেতু ওষুধের, তাই এটি ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখে থাকে। আমি ওষুধ তত্ত্বাবধায়ককে বিষয়টি অবগত করব।’
অন্যদিকে, ওষুধ প্রশাসন অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমাদের অফিসে গিয়ে অভিযোগ বাক্সে জমা দিয়ে একটা রিসিভ কপি নিয়ে আসবেন।’
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনে কথিত ফার্মেসিতে কোনো অনিয়ম বা অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এমপি/ আরআই