শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০২, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সরেজমিনে দেখা গেছে, নতুন ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সীমিত পরিসরে বহির্বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চালু রয়েছে সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রে সেবা। পাশাপাশি ক্যাথল্যাব, অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা এবং একাডেমিক কার্যক্রমও সীমিত পরিসরে শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন ভবনে রয়েছে ৫০০ শয্যা, ৪০টি আইসিইউ, ২০টি হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) বেড, ১১২টি কেবিন, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম। তবে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি জনবলের অভাবে এসব সুবিধার পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।
দেশের অন্যতম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রটিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, ব্রেন টিউমার, মেরুদণ্ডের জটিলতা, পারকিনসন্স, ডিমেনশিয়া ও মৃগীসহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসেন। কিন্তু শয্যাসংকটে অনেক রোগীকে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করাতে হাসপাতালে এসেছেন রাশিদুল ইসলাম। নোয়াখালী সদর হাসপাতাল থেকে তাঁকে এখানে রেফার্ড করা হয়েছে। তাঁর ভাই রবিউল ইসলাম বলেন, বড় ভাইয়ের ব্রেন টিউমার ধরা পড়েছে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু হাসপাতালে শয্যা খালি না থাকায় ভর্তি করানো যাচ্ছে না। এ কারণে চার দিন ধরে হাসপাতালের পাশের একটি বাসায় ভাড়া থাকছেন তাঁরা।
হাসপাতালের জনবলসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চিকিৎসকদের জন্য অনুমোদিত ৬৪৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ২৮৮ জন। শূন্য রয়েছে ৩৬১টি পদ। অন্যদিকে নার্সিং বিভাগে ৮৬৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ৬৭৮ জন। শূন্য রয়েছে ১৮৬টি পদ। অর্থাৎ চিকিৎসক ও নার্স মিলিয়ে মোট ৫৪৭টি পদ শূন্য রয়েছে।
এ ছাড়া চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের মোট অনুমোদিত পদ ২ হাজার ৭২৮টি। এর বিপরীতে কর্মরত আছেন ১ হাজার ৬১৯ জন। নতুন ৫০০ শয্যার ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরও ৮০০ থেকে ১ হাজার জনবল প্রয়োজন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পদভিত্তিক তথ্যেও জনবল সংকটের চিত্র স্পষ্ট। অধ্যাপক পদে ২৭ জনের বিপরীতে কর্মরত আছেন ৮ জন, শূন্য ১৯টি পদ। সহযোগী অধ্যাপক পদে ৪৫টির মধ্যে ২৯টি এবং সহকারী অধ্যাপক পদে ৮৬টির মধ্যে ৬৩টি শূন্য রয়েছে। এ ছাড়া ইনডোর মেডিকেল অফিসারের ১৫১টি পদের মধ্যে ১১১টি এবং সিনিয়র কনসালট্যান্টের ৮টি পদের মধ্যে ৬টি শূন্য রয়েছে।
নার্সিং বিভাগে উপ-সেবা তত্ত্বাবধায়কের তিনটি পদই শূন্য। নার্সিং সুপারভাইজারের ২০টি পদের মধ্যে ১৩টি এবং সিনিয়র স্টাফ নার্সের ৮৪০টি পদের মধ্যে ১৭১টি শূন্য রয়েছে। অন্যদিকে আউটসোর্সিং কর্মীর ১ হাজার ২১৫টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৫৬ জন। শূন্য রয়েছে ৫৫৯টি পদ।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, জনবল নিয়োগে কিছুটা বিলম্ব হচ্ছে। সরকারি চাকরির নিয়োগ নীতিমালা পরিবর্তনের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করছি, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। নীতিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।
তিনি আরও বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কাজও চলমান রয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে দ্রুত নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে। এতে রোগীরা আধুনিক চিকিৎসাসেবার সব সুবিধা পাবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৮ লাখ ১৩ হাজার ৯৮ জন। একই সময়ে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৮৯ জন এবং জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ৩১ হাজার ২৯৩ জন।
২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। রোগীর চাপ ও চিকিৎসাসেবার চাহিদা বাড়তে থাকায় প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১৫ তলাবিশিষ্ট নতুন ভবন। চলতি বছরের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটির উদ্বোধন করেন। নতুন ভবনটি পুরোপুরি চালু হলে হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজারে।
এমপি/ আরআই