ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

অ্যান্টিবায়োটিক প্রতিরোধে ২০৩০ সালের লক্ষ্য থেকে পিছিয়ে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২৪, ১৬-১১-২০২৬

অ্যান্টিবায়োটিক প্রতিরোধে ২০৩০ সালের লক্ষ্য থেকে পিছিয়ে বিশ্ব

ছবি: মেডিকেল পোস্ট

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে বিশ্বজুড়ে উদ্যোগ বাড়লেও ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের পথে অনেক পিছিয়ে রয়েছে দেশগুলো। জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করলেও অধিকাংশ দেশ তা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির ২০২৬ সালের এক জরিপের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জরিপে অংশ নেওয়া ১৮৩টি দেশের মধ্যে ১৭৩টি দেশে এএমআর মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ৭৯। তবে এসব পরিকল্পনায় অর্থায়ন ও বাস্তবায়ন নিশ্চিত করার কথা জানিয়েছে মাত্র ৪২টি দেশ।

ডব্লিউএইচও, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা যৌথভাবে প্রতিবছর এ জরিপ পরিচালনা করে।

ডব্লিউএইচওর মতে, জীবাণু যখন ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তোলে এবং ওষুধ আর কাজ করে না, তখন তাকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলা হয়। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহারে এ সমস্যা বাড়ে।

২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেশগুলো এএমআর মোকাবিলায় ২০৩০ সালের জন্য কয়েকটি লক্ষ্যমাত্রায় সম্মত হয়। তবে ডব্লিউএইচওর এএমআর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জ্যঁ পিয়েরে নিয়েমাজি সতর্ক করে বলেছেন, অ্যান্টিবায়োটিক ও অন্যান্য অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ কাজ না করলে বর্তমানে স্বাভাবিক বলে বিবেচিত চিকিৎসাপদ্ধতিও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। প্রতিরোধী জীবাণুর বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে না বলেও জানান তিনি।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, পরীক্ষাগারে নিশ্চিত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের একটিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু পাওয়া যাচ্ছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ২৫ বছরে ওষুধ প্রতিরোধী সংক্রমণে বিশ্বজুড়ে ৩ কোটি ৯০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

জরিপে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের ঘাটতি উঠে এসেছে। ডব্লিউএইচও বলছে, বর্তমানে ১২৮টি দেশে জাতীয় সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি এবং নির্দেশিকা রয়েছে। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৯০। তবে দেশব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করেছে মাত্র ৬৯টি দেশ, যা মোট জরিপে অংশ নেওয়া দেশের ৩৮ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এ হার ৯০ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ১৩১টি দেশে সাধারণ ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ পরীক্ষা করার সক্ষমতাসম্পন্ন জাতীয় রেফারেন্স ল্যাবরেটরি রয়েছে। তবে ব্যাকটেরিয়া ও ছত্রাক—উভয় ধরনের জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা পরীক্ষা করতে পারে মাত্র ৬৬টি দেশ। ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ দেশে এ সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

এএমআর শনাক্তে নজরদারি ব্যবস্থারও বিস্তার ঘটেছে। ২০১৭ সালে ৬৫টি দেশ অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং ৩৯টি দেশ জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা পর্যবেক্ষণ করত। বর্তমানে এ সংখ্যা যথাক্রমে ১১৩ ও ১০৯। তবে মাত্র ২১টি দেশ ওষুধের ব্যবহার ও প্রতিরোধক্ষমতার তথ্য একসঙ্গে বিশ্লেষণের ব্যবস্থা করেছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার কীভাবে জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়াচ্ছে, তা বুঝতে এ দুই ধরনের তথ্য একীভূত করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ডব্লিউএইচও।

দেশগুলোর পরীক্ষাগার সক্ষমতা বাড়াতে সংস্থাটি দুটি টুলকিটও প্রকাশ করেছে। এর একটিতে প্রয়োজনীয় পরীক্ষার তালিকা এবং অন্যটিতে পরীক্ষাগারের কার্যপদ্ধতি তুলে ধরা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন