শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৫, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) মহাপরিচালক জ্যঁ কাসেয়া এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা সবাই একমত যে এই প্রাদুর্ভাব এখনো গুরুতর এবং নিয়ন্ত্রণে আসেনি।’ এখনই সংক্রমণ ঠেকানো না গেলে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে কঙ্গোতে ১১ হাজার ২০০টির বেশি সংক্রমণ ও ৫ হাজার ৫০০টির বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। কাসেয়ার তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের ৮০ শতাংশের বেশি আগে শনাক্ত করা সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকার বাইরে থেকে আসছে। এ ছাড়া ৬৫ শতাংশের বেশি মৃত্যু হচ্ছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে, কমিউনিটিতে।
ইবোলা আক্রান্ত ব্যক্তির রোগের শেষ পর্যায়ে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ফলে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলা আরও কঠিন হয়ে উঠছে।
এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল ‘বুন্দিবুগিও’ প্রজাতির ইবোলা ভাইরাস। ২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারির পর এটি নথিভুক্ত দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব। ওই মহামারিতে ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
এদিকে, আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি থাকলেও সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছাচ্ছে না বলে জানিয়েছে চিকিৎসা সহায়তাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। সংস্থাটির অভিযোগ, অনেক এলাকায় প্রশিক্ষণহীন কর্মী, জ্বালানি সংকটে অচল অ্যাম্বুলেন্স এবং রোগী শনাক্তে নজরদারি দলের অভাব রয়েছে।
কাসেয়া বলেন, কঙ্গো সরকার ও দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এ পর্যন্ত প্রায় ২৯০ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে প্রতিশ্রুত অর্থের মধ্যে প্রায় ১৬০ কোটি ডলার ছাড় করতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অর্থের অপচয় ও একই কাজের পুনরাবৃত্তি এড়াতে দাতাদের কঙ্গোর রাজধানী কিনশাসার সঙ্গে সমন্বয় করে কাজ করারও আহ্বান জানান তিনি। কাসেয়া বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করছি না। আমরা বলছি, এটি সবার সম্মিলিত ব্যর্থতা।’
তিনি আরও জানান, কঙ্গোর কিছু স্বাস্থ্যকর্মী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে সরকার কর্মীদের বেতন ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে।
এমপি/ আরআই