ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা: বিটু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৯, ১৬-১১-২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা: বিটু

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

গতকাল (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে যান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান ডা: মনোয়ারুল কাদির বিটু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

চিকিৎসকদের সঙ্গে আলোচনাকালে ডা: মনোয়ারুল কাদির বিটু স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করেন চিকিৎসকরা।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।

এমপি/ আরআই

আরও পড়ুন