ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০২, ২৩-১১-২০২৬ | আপডেট: ১০:১১, ২৩-১১-২০২৬

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

ছবি: মেডিকেল পোস্ট

১০০ শয্যার ফরিদপুর জেনারেল হাসপাতালে টিকিট বিক্রি, রোগীদের খাবার সরবরাহ, চিকিৎসক উপস্থিতি ও ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকার নির্ধারিত ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রি, নিম্নমানের খাবার সরবরাহ এবং অরক্ষিত স্থানে স্যালাইন রাখার মতো অনিয়ম উঠে এসেছে সংস্থাটির অভিযানে।

গতকাল (২২ নভেম্বর) সকাল থেকে জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে হাসপাতালে এ এনফোর্সমেন্ট অভিযান শুরু হয়। দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের দল এ অভিযান পরিচালনা করে। অভিযান আগামী দুই থেকে তিন দিন চলবে বলে জানিয়েছে দুদক।

অভিযানকালে টিকিট কাউন্টারে সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার প্রমাণ পান দুদক কর্মকর্তারা। ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রি এবং টিকিট বিক্রির হিসাবের সঙ্গে ক্যাশ কাউন্টারে থাকা টাকার অসংগতিও পাওয়া যায়। এ ছাড়া নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকা এবং রোগীদের ব্যক্তিগত চেম্বারে যেতে উদ্বুদ্ধ করার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। হাসপাতালের পরিবেশও অপরিচ্ছন্ন দেখতে পান অভিযানকারী দল।

পাশাপাশি রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের চিত্র উঠে আসে। ২০২৬-২৭ অর্থবছরে খাবার সরবরাহের দায়িত্ব পাওয়া নাহার এন্টারপ্রাইজের মাধ্যমে রোগীপ্রতি দৈনিক ১৭৫ টাকা বরাদ্দ থাকলেও নিম্নমানের চাল সরবরাহের প্রমাণ পায় দুদক। বরাদ্দ তালিকায় প্রতি কেজি চালের দাম ৯৫ টাকা ধরা হলেও অভিযানকালে পোকার অস্তিত্ব থাকা চাল পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ টাকা বলে ধারণা দুদকের।

এ ছাড়া রোগীদের জন্য বরাদ্দ করা পাঙ্গাশ মাছের পরিমাণেও অসংগতি পাওয়া গেছে। তালিকা অনুযায়ী প্রতি রোগীর জন্য ২০২ গ্রাম মাছ বরাদ্দ থাকলেও ওজন যন্ত্রে দুই পিস মাছের ওজন পাওয়া যায় ৮০ থেকে ১২০ গ্রাম।

অভিযানে ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণেও অব্যবস্থাপনা ধরা পড়ে। হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশের বারান্দায় বিপুল পরিমাণ স্যালাইন অরক্ষিত অবস্থায় রাখা ছিল। সেখানে কুকুরের দল আশ্রয় নেওয়ায় স্যালাইনের প্যাকেট টেনে ছিঁড়ে ফেলার ঘটনাও দেখা যায়। দুদকের দাবি, ক্ষতিগ্রস্ত স্যালাইনও রোগীদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছিল।

দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, হাসপাতালের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য ও রেকর্ড বিশ্লেষণ করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওষুধ কেনা ও মজুতসংক্রান্ত বিষয়েও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

অভিযানের সময় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রাজ্জাক ও আবাসিক মেডিকেল অফিসার ডা: গণেশ কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রাজ্জাক জানান, দুদকের কাছ থেকে অনিয়মের তালিকা পেলে সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় ২০০ রোগী ভর্তি থাকায় খাবারের ঘাটতি দেখা দেয় বলে দাবি করেন তিনি। খাবারের মান ও পরিমাণ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানান।

হাসপাতালের অব্যবস্থাপনার কারণ হিসেবে জনবল সংকট ও সীমিত স্টোরেজের কথা উল্লেখ করেন তিনি। তার দাবি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতি এবং অতিরিক্ত রোগীর চাপের কারণে সেবা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে। স্টোরে জায়গা না থাকায় ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাইরে রাখতে হচ্ছে বলেও জানান তিনি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন