ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

ওষুধ আবিষ্কারে সময় অর্ধেক কমাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৫, ২৩-১১-২০২৬

ওষুধ আবিষ্কারে সময় অর্ধেক কমাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ছবি: মেডিকেল পোস্ট

ওষুধ আবিষ্কার ও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। বিশ্বের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিগুলোর বিজ্ঞানীদের দাবি, এ প্রযুক্তির ব্যবহারে নতুন ওষুধের অণু (মলিকিউল) তৈরি এবং ক্লিনিক্যাল পর্যায়ে নেওয়ার সময় সর্বোচ্চ অর্ধেক পর্যন্ত কমে আসছে।

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জিএসকে, ব্রিস্টল মায়ার্স স্কুইব, নোভার্টিস, এলি লিলি, নোভো নরডিস্ক, অ্যাস্ট্রাজেনেকা ও সানোফির মতো বড় ওষুধ কোম্পানি এখন ওষুধ আবিষ্কারের বিভিন্ন ধাপে এআই ব্যবহার করছে। শুধু নিয়ন্ত্রক সংস্থার জন্য নথি তৈরিই নয়, নতুন ওষুধের অণু নকশা, সম্ভাবনাময় অণু নির্বাচন এবং নিরাপত্তাঝুঁকি শনাক্ত করতেও প্রযুক্তিটি কাজে লাগানো হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকার নির্বাহী শ্যারন বার বলেন, ওষুধ আবিষ্কার থেকে উন্নয়ন পর্যন্ত এমন কোনো ধাপ নেই, যেখানে তারা এআই ব্যবহার করছেন না।

কোম্পানিগুলো ইতোমধ্যে এআই ব্যবহারের সুফল পাওয়ার কথা জানিয়েছে। সানোফি বলেছে, এআইনির্ভর পদ্ধতি ব্যবহার করে হাঁপানির চিকিৎসায় তাদের ওষুধ লুনসেকিমিগ তৈরির সময় অন্তত এক বছর কমানো সম্ভব হয়েছে। এআইয়ের সহায়তায় প্রাথমিক গবেষণার ফল বিশ্লেষণ করে একটি ডোজ নির্বাচনসংক্রান্ত গবেষণার ধাপ এড়িয়ে যেতে পেরেছে তারা।

নোভার্টিস জানিয়েছে, কিডনি রোগের চিকিৎসায় নতুন ওষুধ তৈরির জন্য এআই ব্যবহার করে পাঁচটি সম্ভাবনাময় লক্ষ্যবস্তু (টার্গেট) শনাক্ত করেছে তারা। অন্যদিকে, ব্রিস্টল মায়ার্সের দাবি, এআই প্রযুক্তি ছাড়া সিকল সেল অ্যানিমিয়ার চিকিৎসায় তাদের একটি সম্ভাবনাময় ওষুধ তৈরি সম্ভব হতো না।

নোভো নরডিস্ক জানিয়েছে, নতুন ওষুধের অণু নকশা, উৎপাদন ও পরীক্ষার ধাপ আগে যেখানে প্রায় আটবার সম্পন্ন করতে হতো, এআই ব্যবহারে তা কমে তিনবারে এসেছে। একই সঙ্গে প্রতিটি ধাপের সময় আট সপ্তাহ থেকে কমে চার সপ্তাহ হয়েছে।

নোভার্টিসের বায়োমেডিকেল রিসার্চ বিভাগের প্রেসিডেন্ট ফিওনা মার্শাল বলেন, তাদের ক্ষেত্রে একটি গবেষণা প্রকল্প শুরু থেকে সম্ভাবনাময় ওষুধের প্রার্থী শনাক্ত করার গড় সময় তিন বছর থেকে কমে ১৮ মাস থেকে দুই বছরে নেমে এসেছে।

তবে এআইয়ের অগ্রগতি সত্ত্বেও নতুন ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষায় পৌঁছানোর সংখ্যা এখনো খুব বেশি বাড়েনি। গত মার্চে এক গবেষণায় ৬৯টি কোম্পানির ১২৯টি এআইনির্ভর ওষুধের প্রার্থী শনাক্ত করা হয়। এর আট মাস আগে এ সংখ্যা ছিল প্রায় ১১৭। এসব ওষুধের বেশির ভাগই এখনো প্রাথমিক গবেষণা পর্যায়ে রয়েছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের অনকোলজি ফেলো ডা. ওয়াকাস হক বলেন, আগামী এক থেকে তিন বছরে এআই ব্যবহার করে ওষুধ তৈরির প্রাক্‌-ক্লিনিক্যাল গবেষণা এবং ক্লিনিক্যাল পরীক্ষায় যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এআই দিয়ে তৈরি ওষুধ প্রচলিত পদ্ধতির ওষুধের চেয়ে বেশি সফল হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। মানবদেহে পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের মতো ধাপগুলোও সময়সাপেক্ষ।

এদিকে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে সক্রিয় হচ্ছে। প্রতিষ্ঠানটি নিজস্ব গবেষণাগার চালুর পাশাপাশি ব্রিস্টল মায়ার্সের মতো ওষুধ কোম্পানির সঙ্গে কাজ করছে। বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য ‘ক্লদ সায়েন্স’ নামে এআই সফটওয়্যারও চালু করেছে তারা। নোভার্টিসের প্রধান নির্বাহী ভাস নারাসিমহানকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদেও যুক্ত করা হয়েছে।

তবে ওষুধ কোম্পানিগুলো এআই প্রতিষ্ঠানগুলোকে শুধু সহযোগী হিসেবে দেখছে না, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবেও বিবেচনা করছে। কারণ, এআই প্রতিষ্ঠানগুলো রোগের চিকিৎসা উদ্ভাবনের পাশাপাশি ওষুধ গবেষণার তথ্য ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর নিজেদের সক্ষমতা বাড়াতে আগ্রহী।

সানোফির গবেষণা ও উন্নয়ন বিভাগের বৈশ্বিক এআই কৌশলপ্রধান ম্যাট ট্রুপো আশা করছেন, আগামী দুই বছরে ওষুধ আবিষ্কারের প্রাথমিক পর্যায়ের সময় ২০ থেকে ২৫ শতাংশ কমবে। পাঁচ বছরের মধ্যে এ সময় অর্ধেকে নামতে পারে। তবে এর জন্য পর্যাপ্ত ও মানসম্মত গবেষণার তথ্য থাকা জরুরি।

প্রচলিত পদ্ধতিতে একটি নতুন ওষুধ বাজারে আনতে সাধারণত ১০ থেকে ১৫ বছর সময় লাগে এবং ব্যয় হয় কয়েকশ কোটি ডলার। এ ছাড়া প্রচলিত পদ্ধতিতে তৈরি ওষুধের প্রায় ১০টির মধ্যে ৯টিই ক্লিনিক্যাল পরীক্ষায় ব্যর্থ হয় বলে জানিয়েছে ওষুধশিল্পের সংগঠন ফার্মা।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন