ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

পরিত্যক্ত হাসপাতাল সংস্কার, চালু হলো চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৩, ২২-১১-২০২৬ | আপডেট: ৬:১৬, ২২-১১-২০২৬

পরিত্যক্ত হাসপাতাল সংস্কার, চালু হলো চিকিৎসাসেবা

ছবি: মেডিকেল পোস্ট

রংপুর নগরে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করা হয়েছে। পরিত্যক্ত সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সংস্কার করে নতুন নামে এ সেবা চালু করেছে রংপুর সিটি কর্পোরেশন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরীর মাহিগঞ্জে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: কামরুজ্জামান ইবনে তাজ, ডা: ইসমত নিগার স্বপ্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হাসপাতালে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিবেন। প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে সিজারিয়ান অস্ত্রোপচার চালুর পরিকল্পনা রয়েছে। হাসপাতালটি ২০ শয্যায় উন্নীত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। প্রতিদিন টিকাদান কার্যক্রমও চলবে। দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে মাহিগঞ্জ ও আশপাশের এলাকার রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না।

এমপি/ আরআই

আরও পড়ুন