ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০০, ২৩-১১-২০২৬

হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

ছবি: মেডিকেল পোস্ট

২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। এসব পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে। টিকা গ্রহণের পর দেওয়া হবে স্বাস্থ্য সনদ।

গতকাল (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা নেওয়ার আগে ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে।

এ ছাড়া দুরারোগ্য বা গুরুতর রোগে আক্রান্ত হজযাত্রীদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে। লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করতে হবে। অন্যদিকে, গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট ও প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা নিতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন