শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:২০, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল’ (পিএইচআরআই)-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা চিকিৎসাকর্মী হিসেবে পরিচয় স্পষ্ট থাকা সত্ত্বেও ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। এসব ঘটনায় চিকিৎসাকর্মীদের রোগীদের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি জীবন বাঁচানোর জরুরি চিকিৎসাও ব্যাহত হচ্ছে।
পিএইচআরআই ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নিয়েছে। তাদের মধ্যে নাবলুস এলাকার এক প্যারামেডিক জানান, আহত এক ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করেও ইসরাইলি সেনাদের বাধায় তিনি চিকিৎসা দিতে পারেননি। একপর্যায়ে রক্তক্ষরণে ওই ব্যক্তি মারা যান।
তিনি বলেন, ‘আমি আহত লোকটির খুব কাছেই দাঁড়িয়ে ছিলাম। আমি সহজেই তার কাছে পৌঁছাতে পারতাম, কিন্তু সৈন্যরা আমাকে বাধা দিল। আহত লোকটির রক্তক্ষরণ হতে হতে একসময় মারা গেল। এরপরই ইসরাইলি সেনারা চলে গেল, আমরা ভুক্তভোগীর কাছে পৌঁছাই।’
ওই প্যারামেডিক শারীরিক হামলা, বন্দুকের মুখে হুমকি, গালিগালাজ ও অপমানজনক তল্লাশির শিকার হওয়ার কথাও জানান। প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া চিকিৎসাকর্মীরা জানান, যেকোনো সময় থামিয়ে দেওয়া, আক্রমণের শিকার হওয়া কিংবা রোগীদের কাছে যেতে বাধা দেওয়ার আশঙ্কায় তারা সবসময় উদ্বেগের মধ্যে থাকেন।
একজন অ্যাম্বুলেন্স চালক বলেন, ‘প্রতিটি ফোন কল মানেই ঝুঁকি নেওয়া। আর প্রতিবার যখন আমি বাড়ি থেকে বের হই, তখন এমন আশঙ্কা থাকে যে আমি হয়তো আর ফিরতে পারব না।’
প্রতিবেদনে এমন ঘটনাও তুলে ধরা হয়েছে, যেখানে চিকিৎসাকর্মীরা হুমকি ও সহিংসতার শিকার হওয়ার পরও রোগীদের চিকিৎসা চালিয়ে গেছেন। প্রতিবেদনটির লেখক ইমরান আনতি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতির ‘বিপজ্জনক অবনতি’ ঘটেছে।
ইসরাইলকে দায়ী করে তিনি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং ফিলিস্তিনি জরুরি চিকিৎসা সেবার ওপর একটি সুপরিকল্পিত আক্রমণ।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৬৫টি হামলা ছিল চিকিৎসা পরিবহন ব্যবস্থার ওপর।
এদিকে ইসরাইলি তল্লাশি চৌকির কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো প্রায়ই দীর্ঘ পথ ঘুরে হাসপাতালে পৌঁছাতে বাধ্য হচ্ছে। এতে অনেক রোগী পথেই মারা যাচ্ছেন এবং গর্ভবতী নারীদের হাসপাতালের বাইরে সন্তান জন্ম দিতে হচ্ছে। পিএইচআরআই এর আগে সতর্ক করে বলেছিল, অধিকৃত পশ্চিম তীরের চিকিৎসাব্যবস্থা ‘ভেঙে পড়ছে’।
এমপি/ আরআই