ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

বিশ্বে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ যৌন সংক্রমণে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০৯, ২৩-১১-২০২৬

বিশ্বে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ যৌন সংক্রমণে আক্রান্ত

ছবি: মেডিকেল পোস্ট

বিশ্বে প্রতিদিন ১৫ থেকে ৪৯ বছর বয়সী ১০ লাখের বেশি মানুষ নতুন করে নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের অধিকাংশের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। ফলে সংক্রমণ শনাক্ত না হওয়ায় চিকিৎসা বিলম্বিত হচ্ছে, যা পরবর্তী সময়ে বন্ধ্যত্ব, ক্যানসার ও গর্ভাবস্থায় নানা জটিলতার ঝুঁকি তৈরি করছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত এক তথ্যে এ চিত্র তুলে ধরেছে। সংস্থাটির হিসাবে, বিশ্বজুড়ে প্রতিদিন ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিসের ১০ লাখের বেশি নতুন সংক্রমণ ঘটছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এই চার ধরনের সংক্রমণে নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে ট্রাইকোমোনিয়াসিসে ১৫ কোটি ৬০ লাখ, ক্ল্যামাইডিয়ায় ১২ কোটি ৯০ লাখ, গনোরিয়ায় ৮ কোটি ২০ লাখ এবং সিফিলিসে ৭১ লাখ মানুষ আক্রান্ত হন।

এদিকে সিফিলিসের সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। সংস্থাটির হিসাবে, ২০২২ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে সিফিলিসে আক্রান্ত হন। একই বছর বিশ্বে প্রায় ১১ লাখ গর্ভবতী নারী এই সংক্রমণে আক্রান্ত ছিলেন। এর ফলে ৩ লাখ ৯০ হাজারের বেশি ক্ষেত্রে গর্ভাবস্থা ও নবজাতকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে।

যৌনবাহিত সংক্রমণের কারণ ৩০টির বেশি ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী। সাধারণত যোনিপথ, পায়ুপথ ও মুখের মাধ্যমে যৌন সম্পর্কের সময় এসব জীবাণু ছড়াতে পারে। কিছু সংক্রমণ গর্ভাবস্থা, প্রসব বা বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুর শরীরেও ছড়ায়। অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমেও কিছু সংক্রমণের ঝুঁকি রয়েছে। এসব সংক্রমণের সাধারণ লক্ষণ হলো যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, যৌনাঙ্গে ঘা বা ক্ষত এবং তলপেটে ব্যথা। তবে আক্রান্ত অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ দেখা যায় না। ফলে নিজের অজান্তেই সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ঝুঁকি থাকে।

চিকিৎসা না করালে ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া নারীদের প্রজনন অঙ্গে প্রদাহ এবং বন্ধ্যত্বের কারণ হতে পারে। কিছু সংক্রমণ এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) জরায়ুমুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। এ ছাড়া গর্ভাবস্থায় কিছু সংক্রমণ শিশুর জন্মগত জটিলতা, কম ওজন নিয়ে জন্ম কিংবা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়াতে পারে।

তবে সব যৌনবাহিত সংক্রমণ একই ধরনের নয়। ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিসের কার্যকর চিকিৎসা রয়েছে। অন্যদিকে এইচআইভি, হারপিস ও হেপাটাইটিস বি-এর মতো ভাইরাসজনিত সংক্রমণ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা গেলেও সব ক্ষেত্রে পুরোপুরি নিরাময় করা যায় না।

ডব্লিউএইচও বলছে, এসব সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা ও সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি। কোনো লক্ষণ না থাকলেও ঝুঁকিপূর্ণ সংস্পর্শের পর প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে যৌনস্বাস্থ্য নিয়ে সামাজিক লজ্জা ও বৈষম্য দূর করা এবং সহজে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন