শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানেও চাহিদার তুলনায় স্যালাইনের মজুত কম থাকার চিত্র উঠে এসেছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোর পরিচালকদের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে আইভি ফ্লুইডের চাহিদা ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ লিটার। বিপরীতে মজুত রয়েছে ২৫ লাখ ৪৭ হাজার ৫৩০ লিটার।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের ওষুধের দোকান ঘুরে স্যালাইনের সংকটের চিত্র দেখা গেছে। বিশেষ করে ডেঙ্গু রোগী ও শিশুদের জন্য প্রয়োজনীয় স্যালাইন সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা।
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর জন্য এক লিটার স্যালাইন খুঁজছিলেন রাফিউল হুদা। দীর্ঘ সময় বিভিন্ন দোকানে ঘুরেও তা পাননি। পরে একটি দোকান থেকে ৫০০ মিলিলিটারের একটি স্যালাইন সংগ্রহ করেন।
তিনি জানান, তার ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক লিটার স্যালাইন প্রয়োজন হলেও অনেক খোঁজাখুঁজির পর শুধু ৫০০ মিলিলিটারের একটি স্যালাইন পেয়েছেন।
একই ধরনের ভোগান্তিতে পড়েছেন শাহিনুর ইসলাম। ডায়রিয়ায় আক্রান্ত সন্তানের জন্য বেবিসল জুনিয়র স্যালাইন কিনতে গিয়ে আশপাশের কোনো দোকানেই পাননি তিনি।
শাহিনুর বলেন, ‘আমার বাচ্চার জন্য বেবিসল জুনিয়র স্যালাইনটা খুব প্রয়োজন। কিন্তু আশপাশের কোনো ওষুধের দোকানেই সেটি খুঁজে পাচ্ছি না। সবাই বলছে, অনেক দিন ধরেই নাকি এই স্যালাইনের সরবরাহ নেই। এখন সন্তানের চিকিৎসার জন্য এমন অসহায় অবস্থায় পড়েছি যে, বেশি টাকা দিয়েও যদি স্যালাইনটা পাওয়া যায়, তবুও কিনতে রাজি আছি। কিন্তু কোথাও পাচ্ছি না।’
হাসপাতাল সংলগ্ন ইমন ফার্মেসির বিক্রয়কর্মী সিরাজুল ইসলাম জানান, প্রায় দেড় মাস ধরে আইভি ফ্লুইডের সরবরাহ অনিয়মিত। কখনো পাওয়া গেলেও পরিমাণে খুব কম। তবে এখনো স্যালাইনের দাম বাড়েনি।
জাকির ফার্মেসির বিক্রয়কর্মী সুমন হোসেন বলেন, ‘চাহিদা অনুযায়ী স্যালাইন পাওয়া যাচ্ছে না। উৎপাদনকারী কোম্পানি থেকে অনিয়মিত সরবরাহের কারণে রোগীর স্বজনদের স্যালাইন দিতে পারছি না। যারা দেড় মাস আগে বেশি স্যালাইন স্টক করেছে, তাদের কাছে এটা পেতে পারেন। আমাদের স্টক একদম ফাঁকা।’
এদিকে দেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, পপুলার ফার্মাসিউটিক্যালস, এসিএমই ল্যাবরেটরিজ, অপসো ফার্মা ও লিব্রা ইনফিউশনসহ কয়েকটি প্রতিষ্ঠান আইভি ফ্লুইড উৎপাদন ও বাজারজাত করে। সরকারি পর্যায়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) এবং রাষ্ট্রায়ত্ত এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডও এসব স্যালাইন উৎপাদন করে।
স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ওরিয়ন ইনফিউশনের প্রশাসন বিভাগের প্রধান মো. ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের উৎপাদন ক্যাপাসিটি কম। আমরা আমাদের ক্যাপাসিটির শতভাগ ব্যবহার করছি। অনেক সময় কাঁচামালের অভাবেও সংকট দেখা যায়। এছাড়া ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হয়তো এমন সংকট হতে পারে।’
তবে বাজারে সংকটের বিষয়টি নাকচ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা: মো. নুরুল ইসলাম। তিনি জানান, চাহিদা অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে আইভি ফ্লুইড সরবরাহ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সংকটের তথ্য তাদের কাছে নেই।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুজ্জামান খান জানান, কয়েকটি কোম্পানি এসব ফ্লুইড সরবরাহ করে। তবে অধিদপ্তরের কাছে সংকটের কোনো তথ্য নেই। প্রকৃতপক্ষে সংকট থাকলে এর কারণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোই ভালো বলতে পারবে।
এমপি/ আরআই