ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডা: বিটু

ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫২, ২২-১১-২০২৬

ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে

ছবি: মেডিকেল পোস্ট

প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা: আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা, স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।

ডা: বিটু বলেন, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থবহ করে তুলতে এবং মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: জুবাইদা রহমানের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। পরে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব নিয়ে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন এসজেডএমসির আবাসিক সার্জন ডা: শরীফ সুলতান মাহবুব।

এদিকে, কর্মসূচির অংশ হিসেবে সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নারী শিক্ষার্থীরা চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে পরামর্শ নেন।

ডা: সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন এসজেডএমসির এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মুহা. জহুরুল হক।

এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। এ ছাড়া এসজেডএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা: ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা: আমিনুর রহমান হীরা, জেলা বিএমএর সদস্য সচিব অধ্যাপক ডা: আব্দুল ওয়াহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। শেষে ডা: বিটু স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গাবতলীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ এবং সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ পরিদর্শন করেন।

এমপি/ আরআই

আরও পড়ুন