ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

যুক্তরাষ্ট্রে ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৪, ২৭-১১-২০২৬

যুক্তরাষ্ট্রে ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত সংক্রামক ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছর অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জনে। অস্বাভাবিক তাপমাত্রা ও আর্দ্রতার কারণে মশার বংশবিস্তার বেড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি ফ্রান্স টোয়েন্টিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, নথিভুক্ত হিসাবের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ার বারব্যাংকের বাসিন্দা ম্যান্ডি বাড দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না। তিনি বলেন, ‘আমি বেঁচে আছি, এতেই আমি খুশি।’

তিনি আরও বলেন, ‘এই ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন, আমিও তাদের একজন হতে পারতাম— ভাবতেই ভয় লাগে।’

সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় বেশি তাপমাত্রা ও আর্দ্রতা বিরাজ করছে। আবহাওয়ার এ পরিস্থিতি মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় সংক্রমণ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায়। ১৯৯৯ সালে এটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। ভাইরাসবাহী পাখিকে মশা কামড়ানোর পর সেই মশা মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়াতে পারে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন