ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ তদারকির আহ্বান সেলিমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৬, ০৮-১০-২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ তদারকির আহ্বান সেলিমের

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা যথাযথভাবে তদারকির আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ও নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নগর উন্নয়ন ফোরাম ঢাকার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু সচেতনতা ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, ‘ডেঙ্গু আমাদের জন্য এখন এক বড় উদ্বেগের বিষয়। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে গণমাধ্যমে দেখা যাচ্ছে। আমরা চাই, এসব উদ্যোগ যথাযথভাবে তদারক করা হোক।’

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো, চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া এবং ডেঙ্গু কর্নার চালুর কথা বলা হচ্ছে। বাস্তবে এসব উদ্যোগে সক্ষমতা কতটুকু বেড়েছে, তা তদারকি করতে হবে। মানুষ যেন সঠিকভাবে চিকিৎসা পায়, সেটি নিশ্চিত করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, শুধু সরকার একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রত্যেককে নিজ নিজ ঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে না থাকে।

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সেলিম উদ্দিন বলেন, বিশ্বের অন্যান্য দেশের চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত। তুরস্কের হাসপাতালগুলোর চিকিৎসাব্যবস্থা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাও ভবিষ্যতে এমন উন্নত ও জনবান্ধব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

থানা জামায়াতের আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে এবং থানা শাখার সেক্রেটারি তারিফুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ।

এদিকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।

১১ নম্বর ওয়ার্ড ও মিরপুর দক্ষিণ থানার ব্যবস্থাপনায় এবং ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম কামরুল আহছান মুরাদের সৌজন্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহানগরী মজলিশে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানার আমির অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

আলোচনা সভা শেষে মধ্য পাইকপাড়া ও আশপাশের এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন