ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

জাপানি প্রযুক্তিতে কাশিমপুর কারাগারে মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৭, ০২-১১-২০২৬

জাপানি প্রযুক্তিতে কাশিমপুর কারাগারে মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও লার্ভা ধ্বংসে জাপানের আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরের কাশিমপুর কারাগারে কারা কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং মশার লার্ভা ধ্বংসে বিশেষ লার্ভিসাইড প্রয়োগ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ডেঙ্গু প্রতিরোধ ফাউন্ডেশন বাংলাদেশ (ডিপিএফবি), বাংলাদেশের কাইজেন কানেক্টস লিমিটেড এবং জাপানের আর্থ করপোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারা কর্মকর্তাদের এডিস মশার প্রজননস্থল শনাক্ত, লার্ভা নিয়ন্ত্রণ ও লার্ভিসাইড ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় ডিপিএফবির মহাসচিব ডা: মাসুদ ও জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ শরিফুল ইসলাম এডিস মশার জীবনচক্র, প্রজননস্থল এবং নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল তুলে ধরেন। তারা জানান, বাড়ির আশপাশে জমে থাকা পানি, বিভিন্ন পাত্রসহ সহজে চোখে পড়ে না এমন স্থানেও এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত এসব স্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ সময় কারা বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামাল হোসেন এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কারাগারের বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের ডেঙ্গুর ঝুঁকি কমাতে এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

কর্মশালায় কাশিমপুর কারাগারের জেল সুপার, ডেপুটি জেলারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে কারাগারের চিহ্নিত মশার প্রজননস্থলে জাপানের আর্থ করপোরেশনের সরবরাহ করা লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগ করা হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন