ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শজিমেকে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০২, ০৫-১১-২০২৬ | আপডেট: ১০:০৩, ০৫-১১-২০২৬

শজিমেকে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

ছবি: মেডিকেল পোস্ট

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে (শজিমেক) উন্নত চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালটিতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তার নেয়া অসমাপ্ত উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার হাসপাতালটিতে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালু করতে চায়। এ জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়ে মন্ত্রী আরও জানান, কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৩৭টি ডায়ালাইসিস মেশিন কেনার টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব মেশিন যুক্ত হলে ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়িয়ে ৫০টি শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি নেফ্রোলজি বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে একটি মাল্টি-হেড মাইক্রোস্কোপ সরবরাহ করা হবে। হাসপাতালের শয্যাসংখ্যাও আরও ২০টি বাড়ানোর ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বগুড়া শুধু জেলার মানুষের জন্য নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান নির্ভরস্থল। ফলে এই অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার চাহিদা বিবেচনায় নিয়ে হাসপাতালটিতে ক্যানসার ও লিভারসহ জটিল রোগের চিকিৎসাসুবিধা সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ সময় হাসপাতালের বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো লিখিতভাবে জানানোর নির্দেশনা দেন তিনি। প্রাপ্ত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেয়া হবে বলেও আশ্বস্ত করেন।

হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনাকেও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, দেশের বড় বড় হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে ১৫টি হাসপাতালে এ ধরনের ব্যবস্থা চালু হয়েছে। যেসব হাসপাতালে এখনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা নেই, সেগুলোর মধ্যে বগুড়ার হাসপাতালকেও পরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদের বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এতে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো. নাজমুল হোসেন, অধ্যাপক ডা: ওবায়দুল হক তরফদার প্রমুখ।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন