ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪২, ০৫-১১-২০২৬

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করলেন রিজভী

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় হাসপাতালের আশপাশের দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা: শাহাদাত হোসেনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। হাসপাতালের সামনে থাকা দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের মধ্যেও এসব লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিকের প্রশাসক ডা: শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সবচেয়ে জরুরি। ফুলদানির টব, ডাব-নারকেলের খোসা, পুরোনো টায়ার, নির্মাণাধীন ভবন ও বাসার ছাদে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। এসব স্থান পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডা: শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। চট্টগ্রামে পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহার করায় ঢাকার তুলনায় সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কম। ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, প্রতিটি শয্যায় মশারির ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধের মজুত রাখা হয়েছে।

তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় নভেম্বরে বৃষ্টিপাত কম হলে এবং কোথাও স্বচ্ছ পানি জমে না থাকলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে।

কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন