ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

দুই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ড. মুহিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২০, ০৫-১১-২০২৬

দুই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ড. মুহিত

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে দেশের দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। হাসপাতাল দুটি হলো—জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি।

গতকাল (৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. এম এ মুহিত একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় এমএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ইংল্যান্ডে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পর ২০০০ সাল থেকে তিনি লন্ডনে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং গবেষণায় যুক্ত রয়েছেন। শিশুদের চক্ষুরোগবিষয়ক তার গবেষণাকর্ম আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সাইটসেভার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

গবেষণা ও জনস্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি অ্যাওয়ার্ড, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক চক্ষু সংগঠন আইএপিবি থেকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল আই হেলথ হিরো’ পদক লাভ করেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন