শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৯, ১৪-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি গবেষণায় পানীয়ের তাপমাত্রা ও খুব গরম পানীয় পানের অভ্যাসের সঙ্গে খাদ্যনালির ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ (এসসিসি) ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। তবে খাদ্যনালির আরেক ধরনের ক্যান্সার ‘অ্যাডিনোকার্সিনোমা’ (এসি)-এর ক্ষেত্রে এমন সম্পর্ক পাওয়া যায়নি।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের পপুলেশন হেলথ বিভাগের সিনিয়র নিউট্রিশনাল এপিডেমিওলজিস্ট ডা: কেরেন প্যাফিয়ারের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। এতে যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ ৮০ হাজার মানুষের গরম পানীয় পানের অভ্যাস বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীদের প্রায় ১৪ বছর পর্যবেক্ষণ করে তাদের পানীয় পানের অভ্যাস ও স্বাস্থ্যের তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের পানীয়ের তাপমাত্রা সম্পর্কে নিজেদের ধারণা অনুযায়ী ‘খুব গরম’, ‘গরম’ ও ‘কুসুম গরম’—এই তিন ভাগে তথ্য দিতে বলা হয়। এতে দেখা যায়, কুসুম গরম পানীয় পানকারীদের তুলনায় খুব গরম পানীয় পানকারীদের এসসিসির ঝুঁকি প্রায় তিন গুণ বেশি।
এ ছাড়া প্রতিদিন ছয় বা তার বেশি গরম পানীয় পানকারীদের মধ্যে এসসিসির ঝুঁকি ৭১ শতাংশ বেশি দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অধীন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থাও (আইএআরসি) ২০১৬ সালে ৬৫ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার খুব গরম পানীয়কে খাদ্যনালির ক্যান্সারের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছিল।
গবেষকদের ধারণা, অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির ভেতরের কোষে তাপজনিত ক্ষতি করতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই চা বা কফি খুব গরম অবস্থায় না খেয়ে পান করার উপযোগী তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এমপি/ আরআই