ব্রেকিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৪০, ০৯-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত গবেষণাটিতে গর্ভাবস্থায় মায়েদের টাইলেনল সেবনের তথ্যের সঙ্গে তিন মাস বয়সী ৩০২ কন্যাশিশুর প্রজনন অঙ্গের বিভিন্ন পরিমাপ তুলনা করা হয়।
গবেষণায় দেখা গেছে, গর্ভে টাইলেনলের সংস্পর্শে আসা শিশুদের ডিম্বাশয়ের আয়তন গড়ে ৪০ শতাংশ কম এবং জরায়ুর আয়তন ১৩ শতাংশ কম ছিল। এছাড়া তাদের ডিম্বাশয়ের ফলিকলের সংখ্যাও গড়ে ২৩ শতাংশ কম পাওয়া গেছে। গর্ভাবস্থার ১৭ সপ্তাহের আগে টাইলেনলের সংস্পর্শে আসা শিশুদের অ্যান্টি-মুলেরিয়ান হরমোনের মাত্রাও কম ছিল।
গবেষকরা আরও ১ হাজার ২১০ কন্যাশিশুর তথ্য বিশ্লেষণ করেছেন, যাদের শৈশব থেকে কৈশোর পর্যন্ত অনুসরণ করা হয়েছিল। ওই দলেও গর্ভে টাইলেনলের সংস্পর্শের সঙ্গে বয়ঃসন্ধিতে তুলনামূলক ছোট জরায়ু এবং কৈশোরে ছোট ডিম্বাশয়ের সম্পর্ক পাওয়া গেছে।
তবে গবেষণাটি কোনো ব্যক্তির ভবিষ্যৎ প্রজননক্ষমতা সম্পর্কে পূর্বাভাস দিতে পারে না। গবেষণার প্রধান লেখক মার্গিট বিস্ট্রুপ ফিশার বলেছেন, গর্ভাবস্থায় টাইলেনল সেবনকারী নারীদের এ ফলাফলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। গবেষণায় অংশ নেওয়া অনেক নারীর কন্যাশিশুর ডিম্বাশয়ের পরিমাপ টাইলেনল না নেওয়া নারীদের সন্তানদের মতোই ছিল।
বর্তমান চিকিৎসা নির্দেশিকায় গর্ভাবস্থায় ব্যথা ও জ্বরের চিকিৎসায় টাইলেনলকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। গবেষকরাও বলছেন, উচ্চ জ্বর বা তীব্র ব্যথার চিকিৎসা না করাও মা ও গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ফলে নতুন গবেষণার ফলাফলকে নিশ্চিত ক্ষতির প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে না; বিষয়টি স্পষ্ট করতে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
এমপি/ আরআই