ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

গবেষণা

ধূমপানের মাত্রা বাড়লে বাড়ে ডিমেনশিয়ার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৫, ১৭-১১-২০২৬

ধূমপানের মাত্রা বাড়লে বাড়ে ডিমেনশিয়ার ঝুঁকি

ছবি: মেডিকেল পোস্ট

ধূমপানের পরিমাণ যত বাড়ে, ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও তত বাড়ে। দিনে ১০টি সিগারেট পান করলে কখনো ধূমপান করেননি এমন ব্যক্তিদের তুলনায় ডিমেনশিয়ার ঝুঁকি ১৬ শতাংশ বেশি থাকে। আর দিনে ২০টি সিগারেট পান করলে এ ঝুঁকি বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশে। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

প্রায় ২৮ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করে পরিচালিত গবেষণায় ধূমপানের সঙ্গে ডিমেনশিয়া, আলঝেইমারস ডিজিজ ও ভাসকুলার ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এ গবেষণা প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ইক্লিনিক্যালমেডিসিন’-এ।

গবেষণায় দেখা গেছে, কখনো ধূমপান করেননি এমন ব্যক্তিদের তুলনায় ধূমপায়ীদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩১ শতাংশ বেশি। আলঝেইমারস ডিজিজের ক্ষেত্রে এ ঝুঁকি ৪০ শতাংশ এবং ভাসকুলার ডিমেনশিয়ার ক্ষেত্রে ৫২ শতাংশ বেশি।

গবেষণার প্রধান গবেষক মারিও সারফো বলেন, ধূমপানের কারণে হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ার বিষয়টি সুপরিচিত। তবে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর এর প্রভাবের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সিগারেট খাওয়ার পরিমাণ বাড়ার সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকির সম্পর্কও আরও শক্তিশালী হয়।

গবেষণায় আরও দেখা গেছে, যারা ধূমপান ছেড়ে দিয়েছেন, তাদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কখনো ধূমপান করেননি এমন ব্যক্তিদের তুলনায় বেশি নয়। একই সঙ্গে ধূমপান চালিয়ে যাওয়া ব্যক্তিদের তুলনায় তাদের ঝুঁকি কম।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এ গবেষণার ফলাফল ধূমপান ও ডিমেনশিয়ার মধ্যে সরাসরি কারণ-সম্পর্ক প্রমাণ করে না। তবে ধূমপান ছেড়ে দিলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে—এমন ধারণার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ আরও জোরালো হয়েছে।

গবেষণার সহলেখক ব্লসম স্টিফেন ধূমপানের ক্ষতি ও ধূমপান ছাড়ার স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে আলোচনায় মস্তিষ্কের স্বাস্থ্যের বিষয়টি যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

গবেষকেরা মনে করেন, তামাক নিয়ন্ত্রণে পরিচালিত প্রচারাভিযানে হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকির পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা ও চিন্তাশক্তির ওপর ধূমপানের প্রভাবও তুলে ধরতে হবে। এ জন্য সিগারেটের প্যাকেটে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের সতর্কবার্তা যুক্ত করা এবং ধূমপান ছাড়ার কর্মসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন তাঁরা।

এ ছাড়া ধূমপান ছাড়ার পর কত সময়ের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকিতে পরিবর্তন আসে এবং কত দিন ধূমপান থেকে বিরত থাকলে কী ধরনের উপকার পাওয়া যায়, তা জানতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা।

এমপি/ আরআই

আরও পড়ুন