ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

খাগড়াছড়িতে ঠান্ডাজনিত রোগে ১৯ দিনেই ১২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৬, ১৯-১১-২০২৬

খাগড়াছড়িতে ঠান্ডাজনিত রোগে ১৯ দিনেই ১২ শিশুর মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

খাগড়াছড়িতে শীতের সঙ্গে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। চলতি নভেম্বরের প্রথম ১৯ দিনে এসব রোগে অন্তত ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা এ তথ্য জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ শয্যার শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। শয্যা সংকটে অনেক শিশুকে বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স প্রিয়াঙ্কা রানী ভৌমিক বলেন, চলতি মাস থেকে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। এ পর্যন্ত ১২ শিশুর মৃত্যু হয়েছে।

শিশুদের যত্নে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মায়েদের জন্য আমার এটাই পরামর্শ থাকবে, যেহেতু এখন ঠান্ডা গরম দু-টাই একসঙ্গে ফিল করছি, সেহেতু বাচ্চাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। শিশুরা যাতে ঘেমে না যায় এবং সঙ্গে যদি তার হাত পা ঠান্ডা থাকে অবশ্যই গরম জামাকাপড় পরাবেন। এ ছাড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য অনুরোধ থাকবে।’

আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, শীতের মৌসুম শুরু হওয়ায় হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি হওয়া অধিকাংশ রোগী সর্দি, কাশি, হাঁপানি ও নিউমোনিয়ায় আক্রান্ত।

তিনি বলেন, ১০০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে ২৫০ থেকে ২৬০ জন রোগী ভর্তি রয়েছেন। ফলে চিকিৎসাসেবা দিতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত রয়েছে।

এদিকে, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো ১০০ শয্যার জনবল দিয়ে চিকিৎসাসেবা চালানো হচ্ছে। নতুন ভবনের নির্মাণকাজ শেষ হলে রোগীদের ভোগান্তি কমবে বলে আশা করছেন চিকিৎসকরা।

রিপল বাপ্পী চাকমা বলেন, ‘আমাদের ২৫০ শয্যার জন্য যে নতুন ভবন তৈরি করা হচ্ছে, তা ২০১৯ সালে শুরু হলেও এখনো শেষ হয়নি। যদি সম্পূর্ণ ভবনের নির্মাণ কাজ শেষ হতো রোগীরা স্বস্তি পেত। আর চিকিৎসকরাও স্বস্তি পাব, আমাদের লোকবলও বেড়ে যাবে।’

এমপি/ আরআই

আরও পড়ুন