শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৪৩, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স-এ প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, আক্রান্ত ১১২ নারীর মধ্যে ১১০ জন হাম প্রতিরোধী টিকা নেননি অথবা তাদের টিকা গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি।
গবেষণায় দেখা গেছে, আক্রান্ত নারীদের মধ্যে ২৬ জন প্রসবজনিত কারণ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের ১১ জনের নিউমোনিয়া এবং দুজনের শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেয়। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়।
এদিকে, মায়েদের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে ২১টি গর্ভধারণের পরিণতি নথিভুক্ত করা হয়। এর মধ্যে দুটি গর্ভপাত ঘটে। বাকি ১৯ শিশুর মধ্যে আটটি অপরিণত অবস্থায় জন্ম নেয় এবং আটজনকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করতে হয়।
জানা যায়, জন্মের ১০ দিনের মধ্যে পরীক্ষা করা ১৬ নবজাতকের মধ্যে ১৩ জনের শরীরে পিসিআর পরীক্ষায় হামের ভাইরাস শনাক্ত হয়। গর্ভাবস্থায় মায়ের শরীরে সংক্রমণের পর গর্ভের শিশুর আক্রান্ত হওয়া এবং জন্মের পরপরই সংক্রমণের প্রমাণ পাওয়াকে জন্মগত হাম বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় হাম হলে মায়ের নিউমোনিয়া, গর্ভপাত, মৃত সন্তান প্রসব, অপরিণত প্রসব ও কম ওজনের শিশু জন্ম দেওয়ার ঝুঁকি বাড়ে। নবজাতকের ক্ষেত্রে জ্বর, ফুসকুড়ি, জন্ডিস, নিউমোনিয়া ও স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসক সাবিনে কাপাসি ও ঐশ্বরিয়া আর জানিয়েছেন, গর্ভফুলের মাধ্যমে মায়ের শরীর থেকে শিশুর মধ্যে হামের সংক্রমণ ছড়াতে পারে।
গর্ভাবস্থায় হামের ঝুঁকি এড়াতে গর্ভধারণের পরিকল্পনার আগেই টিকার ইতিহাস ও শরীরের রোগ প্রতিরোধক্ষমতা যাচাই করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসক কাপাসির মতে, প্রয়োজন হলে গর্ভধারণের আগেই এমএমআর টিকা নেওয়া উচিত। এ টিকায় জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাস ব্যবহার করা হয় বলে গর্ভাবস্থায় এটি নেওয়ার পরামর্শ দেওয়া হয় না। টিকা নেওয়ার পর সাধারণত অন্তত ২৮ দিন গর্ভধারণ এড়িয়ে চলতে বলা হয়।
গর্ভাবস্থায় হামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সংক্রমণের ঝুঁকি ও সময় বিবেচনায় চিকিৎসকেরা সাময়িক অ্যান্টিবডি সুরক্ষার জন্য ইমিউন গ্লোবুলিন (আইজি) ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় হাম ও এর জটিলতা মোকাবিলার চেয়ে আগেভাগে টিকাদানের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করাই নিরাপদ।
এমপি/ আরআই