ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মায়াস্থেনিয়া গ্রাভিসের নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৬, ১৯-১১-২০২৬

মায়াস্থেনিয়া গ্রাভিসের নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ছবি: মেডিকেল পোস্ট

বিরল স্নায়ু-প্রতিরোধী রোগ জেনারালাইজড মায়াস্থেনিয়া গ্রাভিসের চিকিৎসায় রিজেনেরনের তৈরি নতুন ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য ‘লিভসাইস’ ব্র্যান্ড নামে ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল (১৮ নভেম্বর) ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিজেনেরন ফার্মাসিউটিক্যালস এ তথ্য জানিয়েছে।

ওষুধটির জেনেরিক নাম সেমডিসিরান। এটি অ্যান্টি-অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর (অ্যান্টি-এসিআর) অ্যান্টিবডি পজিটিভ রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে। রোগটির সবচেয়ে প্রচলিত ধরন এটি। জেনারালাইজড মায়াস্থেনিয়া গ্রাভিস একটি বিরল অটোইমিউন রোগ। এতে পেশি দুর্বল হয়ে যায়, যার ফলে চলাফেরা, কথা বলা, খাবার গিলতে এমনকি শ্বাস নিতেও সমস্যা হতে পারে।

রিজেনেরন জানিয়েছে, ওষুধটি প্রতি তিন মাসে একবার ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হবে। এ রোগের চিকিৎসায় এফডিএ অনুমোদিত ওষুধগুলোর মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ বিরতিতে প্রয়োগযোগ্য চিকিৎসা।

এদিকে, পরীক্ষার শেষ পর্যায়ের একটি গবেষণার ফলাফলের ভিত্তিতে ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে দেখা যায়, ২৪ সপ্তাহ পর লিভসাইস গ্রহণকারী রোগীদের দৈনন্দিন কার্যক্রমের সক্ষমতা পরিমাপের স্কোর ৪ দশমিক ৫ পয়েন্ট উন্নত হয়েছে। অন্যদিকে প্লাসিবো গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এ উন্নতির পরিমাণ ছিল ২ দশমিক ২ পয়েন্ট।

প্রতিষ্ঠানটির দাবি, জেনারালাইজড মায়াস্থেনিয়া গ্রাভিসের চিকিৎসায় এটিই প্রথম অনুমোদিত স্মল ইন্টারফেরিং আরএনএ (এসআইআরএনএ) থেরাপি। একই সঙ্গে এটি রিজেনেরনের নিউরোলজি ও এসআইআরএনএ চিকিৎসা ক্ষেত্রে প্রথম অনুমোদিত ওষুধ।

বর্তমানে এ রোগের চিকিৎসায় অ্যাস্ট্রাজেনেকার সোলিরিস ও আল্টোমিরিস, আর্জেনক্সের ভিগার্ট ও ভিগার্ট হাইট্রুলো এবং ইউসিবির রিস্টিগো ও জিলব্রিস্কসহ কয়েকটি ওষুধ ব্যবহৃত হচ্ছে। এসব ওষুধের তুলনায় লিভসাইসের বিশেষত্ব হলো, এটি আরএনএ সাইলেন্সিং প্রযুক্তির মাধ্যমে রোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রোটিনের উৎপাদন কমায়।

তবে ওষুধটিতে মেনিনগোকক্কাল সংক্রমণের গুরুতর ঝুঁকি থাকায় বিশেষ সতর্কতা যুক্ত করা হয়েছে। চিকিৎসা শুরুর আগে রোগীকে মেনিনগোকক্কাল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে টিকা নিতে হবে। পাশাপাশি সীমিত নিরাপত্তা কর্মসূচির আওতায় ওষুধটি সরবরাহ করা হবে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নেও ওষুধটির অনুমোদনের আবেদন পর্যালোচনাধীন রয়েছে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এমপি/ আরআই

আরও পড়ুন