ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রযুক্তি ও গবেষণায় জোর দেওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৯, ২০-১১-২০২৬

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রযুক্তি ও গবেষণায় জোর দেওয়ার তাগিদ

ছবি: মেডিকেল পোস্ট

চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা: শাহাদাত হোসেন। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (১৯ নভেম্বর) চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শাহাদাত হোসেন বলেন, জীবনসংকটাপন্ন রোগীদের চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা শুধু হাসপাতাল নির্মাণ কিংবা চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়। চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। হাসপাতালটি আধুনিকায়ন করা সম্ভব হলে নগরীর সাধারণ, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষ উন্নত সরকারি চিকিৎসাসেবা পাবেন।

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশব্যাপী ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামেও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রশাসক। বিশেষ করে সীতাকুণ্ড শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য হাসপাতাল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসায় ট্রমা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীন কোনো একটি হাসপাতাল শ্রমিকদের চিকিৎসাসেবায় বিশেষভাবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়নে অতীতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণ ও চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।

‘হোয়ার সায়েন্স সেভস লাইভস’ প্রতিপাদ্যে আয়োজিত এ সিম্পোজিয়ামে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য ডা: খুরশীদ জামিল চৌধুরী।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে নেতৃত্ব দেন হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক, মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: এ এ এম রাইহান উদ্দীন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডা: আনন্দ বি দিবেকার এবং ইনটেনসিভিস্ট ও অ্যানেসথেটিস্ট ডা: নন্দিতা দিবেকার বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। তারা ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার আধুনিক পদ্ধতি, জটিল রোগীর ব্যবস্থাপনা এবং চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

এমপি/ আরআই

আরও পড়ুন