ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৩০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০২, ২২-১১-২০২৬ | আপডেট: ১২:১৩, ২২-১১-২০২৬

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৩০ হাজার মানুষ

ছবি: মেডিকেল পোস্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর উদ্যোগে ও অর্থায়নে ভোলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। এ পর্যন্ত ২১টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

নদী ও সাগরবেষ্টিত দ্বীপজেলা ভোলার প্রত্যন্ত এলাকায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পগুলোতে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা গাইনি, শিশু ও মেডিসিন বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হচ্ছে।

দ্বিতীয় ধাপে গতকাল (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়া হয়। এসব ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

ক্যাম্প সংশ্লিষ্ট ব্যক্তি ও তথ্যমন্ত্রীর দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতারা জানান, গত ১১ সেপ্টেম্বর ‘সবার জন্য, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এ কার্যক্রম শুরু করেন তথ্যমন্ত্রী। প্রথম ধাপে ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ২টিসহ মোট ১৫টি ক্যাম্প পরিচালিত হয়। দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু হয় ১৫ নভেম্বর। এ পর্যন্ত দুই ধাপে ২১টি ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সদর উপজেলার চরসামাইয়া ও ভেদুরিয়া ইউনিয়নের মাইনউদ্দিন, কবির, খোরশেদ, পারুল, নাসিমা, মুন্নি ও শিউলি আক্তার। তারা বলেন, অর্থকষ্টের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ হয় না। গ্রামের মাইকিং শুনে ক্যাম্পে এসে চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও জানান তারা।

স্থানীয় সচেতন মহলের এম হেলাল উদ্দিন গোলদার, মো. মহিউদ্দিন ও মঞ্জুর আলম বলেন, দীর্ঘদিন ধরে দ্বীপজেলা ভোলার প্রায় ২২ লাখ মানুষের উন্নত চিকিৎসার শেষ ভরসা ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। তবে সেখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় উচ্চবিত্তরা ভোলা কিংবা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন। দরিদ্র মানুষ সরকারি হাসপাতালেও ঠিকমতো চিকিৎসা পান না। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের।

তারা আরও বলেন, ভোলার দুর্বল সরকারি চিকিৎসাব্যবস্থার মধ্যে তথ্যমন্ত্রীর নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের মধ্যে আশার আলো জ্বেলেছে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ উদ্যোগ সময়োপযোগী। এতে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাচ্ছেন। তারা এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, ভোলা সদর আসনের সব বাসিন্দার চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং এ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজ উদ্যোগ ও অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন।

তিনি বলেন, ইতোমধ্যে প্রথম ধাপে ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ২টি ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। সম্প্রতি দ্বিতীয় ধাপের ক্যাম্প আবার শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

এমপি/ আরআই

আরও পড়ুন