শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪, ২২-১১-২০২৬ | আপডেট: ২:৩৯, ২২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (২২ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু করা হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন।
ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ উদ্যোগে সম্পৃক্ত করে সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
এদিকে সমঝোতা স্মারকের আওতায় ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসাউন্ডসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও ছাড় থাকবে। পাশাপাশি ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা নির্ধারিত ছাড়ে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা ও বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার মতো সেবা পাবেন। এর ফলে ক্রীড়াবিদদের চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে টেলিমেডিসিন সেবা তাদের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে।
এমপি/ আরআই