ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০১, ২২-১১-২০২৬ | আপডেট: ৪:০৪, ২২-১১-২০২৬

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা চায় হাইকোর্ট

ছবি: মেডিকেল পোস্ট

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ ও আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এদিকে টেলিযোগাযোগ, শিশুবিষয়ক, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের সচিব এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে দ্রুত কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে আইনজীবী গণমাধ্যমকে বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানা ধরনের প্রভাবের শিকার হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব, বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে।

আইসিডিডিআর,বির একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঢাকায় প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। যা আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।

গবেষণায় দেখা গেছে, ডিজিটাল ডিভাইসে বেশি সময় কাটানো শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথা অনুভব করে। এ ছাড়া দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে থাকা শিশুদের ঘুমও উল্লেখযোগ্য হারে কম হয়। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এ বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

এমপি/ আরআই

আরও পড়ুন