ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

আইএইচটি-ম্যাটসে ভর্তি শুরু, সুযোগ মাইগ্রেশনেরও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৭, ২২-১১-২০২৬

আইএইচটি-ম্যাটসে ভর্তি শুরু, সুযোগ মাইগ্রেশনেরও

ছবি: মেডিকেল পোস্ট

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

রোববার (২২ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা: সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১৪ নভেম্বর। প্রকাশিত ফলের ভিত্তিতে মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী দেশের ২৩টি সরকারি আইএইচটিতে বিভিন্ন অনুষদে ৩ হাজার ৬১৯ জন এবং সাতটি সরকারি ম্যাটসে ৬৬৪ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। এ সময় স্থানীয় ভর্তি কমিটি শিক্ষার্থীদের জমা দেওয়া সনদপত্র যাচাই করবে এবং মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষা করবে। সনদপত্রে ভুলত্রুটি পাওয়া গেলে বা স্বাস্থ্য পরীক্ষায় কোনো শিক্ষার্থী অযোগ্য বিবেচিত হলে তার প্রাথমিক নির্বাচন বাতিল করা হবে।

ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মূল সনদপত্র বা প্রশংসাপত্র, নাগরিকত্ব বা জন্মনিবন্ধন সনদ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি রঙিন ছবি জমা দিতে হবে। ছবির মধ্যে একটি সত্যায়িত হতে হবে।

পাশাপাশি সরকারি চাকরিজীবী প্রার্থীদের নিয়োগপত্র, যোগদানপত্র ও বর্তমান কর্মস্থলের চাকরির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতীয় কোটায় আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল সনদপত্র জমা দিতে হবে।

থাকছে মাইগ্রেশনের সুযোগ

নির্ধারিত ভর্তি কার্যক্রম শেষে শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। ভর্তি পরীক্ষার আবেদনের সময় দেওয়া পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে এ মাইগ্রেশন সম্পন্ন হবে।

মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত মাইগ্রেশন ফরম পূরণ করতে হবে। মাইগ্রেশনের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানে নির্বাচিত হলে সেখানে ভর্তির সময় ২০০ টাকা ভর্তি ফি দিতে হবে। তবে মাইগ্রেশনে পাওয়া প্রতিষ্ঠানে ভর্তি না হলে উভয় প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন