শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২, ২২-১১-২০২৬ | আপডেট: ৫:৫৪, ২২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: মো. নাজমুল হোসেন।
তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনপ্রক্রিয়া, আবেদনের যোগ্যতা, পরীক্ষার নিয়মাবলি ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এক সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে গত ১৮ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। এ নির্দেশনার পর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য অনুযায়ী, পূর্বনির্ধারিত ১৮ ডিসেম্বর তারিখেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
এমপি/ আরআই