ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ক্যান্সারে আক্রান্ত জারা, স্কুলের বদলে হাসপাতালেই কাটছে দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৯, ২২-১১-২০২৬

ক্যান্সারে আক্রান্ত জারা, স্কুলের বদলে হাসপাতালেই কাটছে দিন

ছবি: মেডিকেল পোস্ট

১০ বছর বয়সে যখন সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার, মাঠে ছুটে বেড়ানোর কথা, তখন হাসপাতাল আর বিছানায় কাটছে তাসনিম নিশাত জারার সময়। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই শিশুর চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবার। অসহ্য যন্ত্রণা নিয়ে এক চিকিৎসকের কাছে থেকে অন্য চিকিৎসকের কাছে ছুটতে হচ্ছে তাকে। অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে চিকিৎসা। মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চেয়েছে পরিবার।

জারা গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকার শিরিন আওলাদ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত আট মাস ধরে তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ। হঠাৎ পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করান স্বজনরা। তাতে সুস্থ না হওয়ায় ঢাকায় নেওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে বোন ক্যানসার। এরপর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।

জারার বাবা শহীদ বেপারীর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। জীবিকার তাগিদে তিনি গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার স্বাদ গ্রুপের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ছোট সংসার। মোটামুটি ভালোই চলছিল পরিবারটি। কিন্তু মেয়ের ক্যান্সার ধরা পড়ার পর সবকিছু ওলটপালট হয়ে গেছে।

শহীদ বেপারী বলেন, ‘আমার একমাত্র মেয়ে জারা। এই বয়সেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, ধর্ম-কর্ম খুব ভালোবাসে সে। লেখাপড়াতেও ভালো ছিল। হঠাৎ ক্যান্সার আমাদের পরিবারটাকে তছনছ করে দিয়েছে। মেয়েটা যন্ত্রণায় ছটফট করে। তার মুখের দিকে তাকানো যায় না। সে শুধু জিজ্ঞাসা করে, কবে স্কুলে ফিরতে পারবে। কিন্তু আমাদের কাছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই।’

তিনি জানান, আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। এখন চোখে-মুখে অন্ধকার দেখছেন। সমাজসেবায় আর্থিক সহায়তার আবেদন করেও সহযোগিতা পাননি বলে জানান শহীদ বেপারী।

জারার বাবা কারখানায় কাজ করায় সব সময় ছুটি পান না। তাই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হয় মা সুমাইয়াকে। মেয়ের অসহ্য যন্ত্রণা আর আর্থিক সংকটে চিকিৎসার অনিশ্চয়তায় তিনিও ভেঙে পড়েছেন। এ অবস্থায় দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

সুমাইয়া বলেন, ‘নিম্নবিত্ত পরিবারে ক্যানসারের আঘাতে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। আমাদের সামনে এখন শুধুই অন্ধকার। সবকিছুর বিনিময়ে আমি মেয়ের জীবন চাই। আমার মেয়ে আবার বই-খাতা নিয়ে স্কুলে যাবে, সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করবে, এটুকুই আমার স্বপ্ন।’

শিরিন আওলাদ মডেল স্কুলের শিক্ষক হযরত আলী পারভেজ বলেন, জারা মেধাবী শিক্ষার্থী। এমন একটি বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তাকে শয্যাশায়ী থাকতে হচ্ছে। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।

এমপি/ আরআই

আরও পড়ুন