ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

৪০ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ নির্মাণ, নেই শিক্ষক-শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৯, ২৪-১১-২০২৬

৪০ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ নির্মাণ, নেই শিক্ষক-শিক্ষার্থী

ছবি: মেডিকেল পোস্ট

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মেহেরপুর নার্সিং কলেজের একাডেমিক ভবন ও ছাত্রীনিবাস। নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরের বেশি সময় পার হলেও এখনো শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ—কিছুই নেই কলেজটিতে। প্রশাসনিক অনুমোদন, অর্থ বরাদ্দ ও পদ সৃজনের জটিলতায় আটকে আছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। ফলে একদিকে নার্সিংয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জেলার শিক্ষার্থীরা, অন্যদিকে অব্যবহৃত পড়ে রয়েছে কোটি কোটি টাকার অবকাঠামো।

মেহেরপুর পৌর শহরের পাশে তিন একর ৬৩ শতক জমিতে নির্মিত কলেজটির অবকাঠামো তৈরিতে ব্যয় হয়েছে ৩৯ কোটি ৬০ লাখ টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, চারতলা একাডেমিক ভবন ও চারতলা ছাত্রীনিবাসের নির্মাণকাজ শেষ হয় ২০২৪ সালের ২৭ জুন। তবে ভবন নির্মাণ শেষ হলেও এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী ভর্তি কিংবা প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়নি। নেই আসবাবপত্র ও প্রশিক্ষণের সরঞ্জামও।

স্থানীয় শিক্ষার্থীদের অভিযোগ, জেলায় নার্সিং কলেজ না থাকায় উচ্চশিক্ষার জন্য তাদের ঢাকাসহ দূরের শহরে যেতে হয়। এতে থাকা-খাওয়া, যাতায়াত ও পড়াশোনার খরচ বহন করতে গিয়ে আর্থিক চাপে পড়তে হয় পরিবারগুলোকে।

মেহেরপুর পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত নার্স সিমি খাতুন জানান, মেহেরপুরে নার্সিং কলেজ না থাকায় তাকে ঢাকায় গিয়ে পড়াশোনা করতে হয়েছে। সেখানে থাকা ও পড়াশোনার খরচ জোগাতে তার পরিবারকে কৃষিজমি বন্ধক রাখতে হয়েছিল। স্থানীয়ভাবে কলেজটি চালু থাকলে বাড়িতে থেকেই পড়াশোনা করা সম্ভব হতো। এতে পরিবারের ওপর এতটা আর্থিক চাপ পড়ত না।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইসমত আরাও ভবিষ্যতে নার্সিংয়ে পড়তে চায়। তার ভাষ্য, জেলায় কলেজটি চালু হলে পরিবারের কাছাকাছি থেকেই পড়াশোনা করতে পারত। এতে পরিবারের বাড়তি খরচও কমত।

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও দ্রুত কলেজটি চালুর দাবি জানিয়েছেন। অভিভাবক হাসেম আলী বলেন, অনেক পরিবারের পক্ষে মেয়েদের ঢাকাসহ দূরের শহরে রেখে পড়াশোনা করানোর সামর্থ্য নেই। মেহেরপুরে কলেজটি চালু হলে মেয়েরা পরিবারের কাছে থেকে পড়তে পারবে। এতে খরচ কমার পাশাপাশি নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা কমবে।

আরেক অভিভাবক হাসান আলী বলেন, এত টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হলেও সেখানে কোনো শিক্ষা কার্যক্রম নেই। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সরঞ্জাম সরবরাহ করে কলেজটি চালু করা উচিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজটি চালুর জন্য অর্থ বরাদ্দ, প্রশাসনিক অনুমোদন ও পদ সৃজনের কাজ এখনো শেষ হয়নি। এসব প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চলমান রয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা, অর্থ ও বাজেট) নাহিদ-উল-মোস্তাক বলেন, মেহেরপুর নার্সিং কলেজ পরিচালনার জন্য তিনটি পর্যায়ে প্রশাসনিক কাজ চলছে। অর্থ বরাদ্দের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে, প্রশাসনিক অনুমোদন ও পদায়নের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং প্রয়োজনীয় পদ সৃজনের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আগামী বছরের জানুয়ারির মধ্যে এসব প্রক্রিয়া শেষ হতে পারে।

তবে প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে না বলে জানান তিনি। এরপর শিক্ষক ও অন্যান্য জনবল নিয়োগ, আসবাবপত্র ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ এবং শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে কলেজটি চালুর জন্য অন্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের পদায়ন করে প্রাথমিকভাবে কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পদায়নসংক্রান্ত মামলা থাকায় সেটিও সম্ভব হচ্ছে না।

নাহিদ-উল-মোস্তাক বলেন, অন্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের পদায়ন করে অন্তত কলেজটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু উচ্চ আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালে পদায়নসংক্রান্ত মামলা চলমান থাকায় তা বাস্তবায়ন করা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, নার্সিং কলেজটি চালু হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবায়ও ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীরা স্থানীয় হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে ভবিষ্যতে দক্ষ নার্স তৈরির পথ সহজ হবে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনতি বিশ্বাস বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। অনেক সময় নার্সদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। নার্সিং কলেজ চালু হলে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে ভবিষ্যতে দক্ষ নার্স তৈরি হবে এবং স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

হাসপাতালের সিনিয়র নার্স নার্গিস সুলতানাও মনে করেন, নার্সিং শিক্ষার মান উন্নয়নে ব্যবহারিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। স্থানীয় হাসপাতালকে প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত করা গেলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

নার্স হেদায়েতুন নেছা বলেন, শুধু ভবন নির্মাণ করলেই নার্সিং শিক্ষা কার্যক্রম চালু করা যায় না। এর জন্য দক্ষ শিক্ষক, প্রশিক্ষণ সরঞ্জাম, ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে হবে। তাই কলেজটি চালুর পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত করাও জরুরি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন এ কে এম আবু সাঈদ জানান, নার্সিং কলেজটি চালুর বিষয়ে তারা নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন এবং চিঠি আদান-প্রদান করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করে ভবন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে।

এমপি/ আরআই

আরও পড়ুন