ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ওষুধসংকটে জয়পুরহাটের ২৫ স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০২, ২৪-১১-২০২৬

ওষুধসংকটে জয়পুরহাটের ২৫ স্বাস্থ্যকেন্দ্র

ছবি: মেডিকেল পোস্ট

জয়পুরহাটের ২৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মাসের পর মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসাসেবা। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে ওষুধ না পেয়ে বাধ্য হচ্ছেন জেলা-উপজেলা হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে যেতে। এতে বাড়ছে তাদের চিকিৎসার খরচ ও ভোগান্তি।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের এসব স্বাস্থ্যকেন্দ্র প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসা। এখানে বিনামূল্যে ওষুধ, প্রাথমিক চিকিৎসা, প্রসূতি মায়ের সেবা ও পরিবার পরিকল্পনা-সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। তবে কোনো কেন্দ্রে চার-পাঁচ মাস, আবার কোনো কেন্দ্রে ছয় থেকে নয় মাস ধরে ওষুধ সরবরাহ নেই।

এদিকে, ওষুধ না থাকায় কেন্দ্রগুলোতে রোগীর উপস্থিতি কমে গেছে। কেউ চিকিৎসা নিতে এলেও স্বাস্থ্যকর্মীরা শুধু পরামর্শ বা ব্যবস্থাপত্র দিয়ে ফেরত পাঠাচ্ছেন। এতে একদিকে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না, অন্যদিকে স্বাস্থ্যকর্মীরাও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না।

সদর উপজেলার কোমরগ্রামের আবু হোসেন ইভান জানান, তাদের কেন্দ্রে পাঁচ মাস ধরে কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। ছোটখাটো অসুস্থতায়ও জেলা হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। দ্রুত ওষুধ সরবরাহের দাবি জানান তিনি।

সোটাহার গ্রামের ফাহিমা বেগম তার অসুস্থ সন্তানের জন্য ওষুধ নিতে কেন্দ্রে এসেছিলেন। কিন্তু ওষুধ না থাকায় খালি হাতে ফিরতে হয়েছে তাকে। তিনি জানান, আগে ওষুধ নিতে এলে কেন্দ্রে ভিড় থাকত। এখন এসে দেখেন, শুধু চিকিৎসক বসে আছেন। তাকে জানানো হয়েছে, কোনো ওষুধ নেই। বিনামূল্যে ওষুধ পেলে দরিদ্র মানুষের অনেক সুবিধা হতো।

তেঘর বিশার সোনালী রানা মাহাতো জানান, মোহাম্মাদাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নিতে এসে সরবরাহ বন্ধ থাকার কথা শুনেছেন। দিনমজুরি করে সংসার চালানো তার মতো মানুষের পক্ষে বাজার থেকে ওষুধ কেনা কঠিন। কেন্দ্রে বিনামূল্যে ওষুধ পাওয়া গেলে তাদের সংসারের খরচ কিছুটা কমত।

মোহাম্মাদাবাদ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল হাকিম জানান, তার কেন্দ্রে নয় মাস ধরে কোনো ওষুধ সরবরাহ করা হয়নি। ফলে রোগীর সংখ্যা অনেক কমে গেছে। দু-একজন রোগী এলেও শুধু পরামর্শ বা ব্যবস্থাপত্র দিতে হচ্ছে। ওষুধ না পেয়ে রোগীরা ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত ওষুধ সরবরাহ করা হলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে।

বম্বু ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিনা পারভীন জানান, পাঁচ মাস ধরে তিনি কোনো ওষুধ পাননি। আগে তার কেন্দ্রে প্রতি মাসে প্রায় এক হাজার রোগী আসতেন, এখন সেই সংখ্যা ১০০-এর নিচে নেমে এসেছে। রোগীরা বারবার এসে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন। শুধু পরামর্শ দিয়ে তাদের সন্তুষ্ট করা যাচ্ছে না।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ওষুধ না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পরিবার পরিকল্পনা কর্মীরা উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে পরামর্শ দিচ্ছেন। দ্রুত ওষুধ সরবরাহ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরবরাহ পেলেই আগের মতো চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন