ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

সেশনজট-অনিয়মের অভিযোগে আইএইচটি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৭, ২৪-১১-২০২৬

সেশনজট-অনিয়মের অভিযোগে আইএইচটি শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: মেডিকেল পোস্ট

পরীক্ষা সময়মতো না হওয়া, ফল প্রকাশে বিলম্ব, পরীক্ষার খাতা অদলবদল ও বিভিন্ন বিল উত্তোলনে অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয় চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত সচিব ডা: মো. সাইফুল ইসলামের অপসারণ দাবি করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।

গতকাল (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালীতে আইএইচটির সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এ দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষার সময়সূচিতে অনিয়ম দেখা দিয়েছে। আগে নিয়মিত পরীক্ষা হলেও এখন জানুয়ারির পরীক্ষা হচ্ছে জুনে, আর জুলাইয়ের পরীক্ষা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর কিংবা নভেম্বরে। এতে সেশনজট বাড়ছে এবং নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারছেন না শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, পরীক্ষার খাতা অদলবদল ও ফল প্রকাশেও অনিয়ম হয়েছে। এ ছাড়া ফ্যাকাল্টির একটি বোর্ড গঠনের কথা থাকলেও তা আটকে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা সেশনজট নিরসন, পরীক্ষার ফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানান। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত সচিবকে সরিয়ে যোগ্য ও দায়িত্বশীল কাউকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ডা: মো. সাইফুল ইসলাম বলেন, ‘যারা মানববন্ধন করেছে, তারা আইএইচটির শিক্ষার্থী নয়। তারা বহিরাগত। কেউ হয়ত কিছু টাকা-পয়সা দিয়ে তাদের দিয়ে এসব করিয়েছেন।’

বিভিন্ন বিল উত্তোলনে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এসব বিষয়ে তদন্ত হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। গভর্নিং বডি ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই বিধি অনুযায়ী বিল পরিশোধ করা হয়েছে।’

প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল নিয়োগ না দিয়ে নিজে বিভিন্ন দায়িত্ব পালন করে বিল উত্তোলনের অভিযোগও অস্বীকার করেন তিনি। তার দাবি, জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। জনবল নিয়োগের ক্ষমতা তার হাতে নেই।

বোনাস বিলের বিষয়ে ডা: সাইফুল ইসলাম বলেন, ‘এটি সরকার ও গভর্নিং বডির অনুমোদিত। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মচারী তাদের বেতন অনুযায়ী এ সুবিধা পান।’

তিনিও অন্য কর্মচারীদের মতো নির্ধারিত নিয়মে বোনাস পান বলে জানান। এতে বিশেষ কোনো সুবিধা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

এমপি/ আরআই

আরও পড়ুন