শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮, ২৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২৪ নভেম্বর) হাসপাতালটি ঘুরে দেখা যায়, ভবনের কোনো জানালা-দরজার কাচ অক্ষত নেই। কোথাও পোড়া আসবাবের ছাই, কোথাও ভাঙা চিকিৎসা সরঞ্জাম পড়ে আছে। আগুনে ভবনের টাইলস পর্যন্ত খসে পড়েছে। পাঁচতলা ভবনটির চারটি তলায় হাসপাতালের কার্যক্রম চলত। পঞ্চম তলায় এখনও কার্যক্রম শুরু হয়নি।
জানা যায়, হাসপাতালটির মালিক গোপালগঞ্জ সদর আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) ডা: কেএম বাবর। গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে হাসপাতালের নিচতলায় অভ্যর্থনাকক্ষ, ডা: বাবরের কক্ষ, স্টোররুম, আল্ট্রাসনোগ্রাম কক্ষ, চিকিৎসকদের চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার পুড়ে গেছে। এ ছাড়া দ্বিতীয় তলার দুটি অস্ত্রোপচার কক্ষের অপারেশন টেবিল ও লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। আটটি কেবিনের শয্যা ও আসবাবও পুড়ে গেছে। পাশাপাশি তৃতীয় তলার ওয়ার্ড ও কেবিনের আটটি কক্ষ এবং চতুর্থ তলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডা: কেএম বাবর ও তার স্ত্রী গাইনি চিকিৎসক ডা: রাবেয়া খাতুন দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। প্রতিদিন তারা প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন। বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। এ ছাড়া নামমাত্র মূল্যে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার করা হতো। প্রতি মাসে অন্তত ২০০ রোগীর অস্ত্রোপচার হতো।
হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নেওয়া কবির হোসেন, হালিমা বেগম, মারুফা আক্তার, পপি খানম ও জান্নাতুল ফেরদৌসী জানান, ডা: বাবর ও তার স্ত্রীর কাছ থেকে তারা বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ছোটখাটো কাটাছেঁড়ার চিকিৎসা পেয়েছেন। হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসাসেবা পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন।
স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এটি চালুর দাবি জানান তিনি।
ডা: কেএম বাবর বলেন, ‘আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এমন কর্মকাণ্ডে গোপালগঞ্জের উন্নয়নে ব্যাঘাত ঘটবে।’
তিনি আরও বলেন, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধ চলাকালেও হাসপাতালে হামলা করা হয় না। হামলা হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। এতে মানবতা বিপন্ন হয়ে পড়ে। আমার হাসপাতাল থেকে সব দল ও শ্রেণি-পেশার মানুষ সেবা পেয়েছেন। আমি সাধারণ মানুষের সেবা ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য কাজ শুরু করেছিলাম।’
ডা: বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তার স্ত্রী চেম্বারে রোগী দেখছেন। ব্যবস্থাপত্র দেওয়ার জন্য কোনো রোগীর কাছ থেকে তারা টাকা নেননি। ২০২০ সালে থানাপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন। গত বছর হাসপাতালটি শহরের থানা ঘাটের পূর্ব পাশে ৯ শতাংশ জমিতে নির্মিত নতুন ভবনে স্থানান্তর করা হয়। তার স্ত্রী প্রতিদিন প্রায় ৫০ জন এবং তিনি ৬০ থেকে ৭০ জন রোগী দেখতেন। হাসপাতালটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডা: রাবেয়া খাতুন। বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হতো।
হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ২০ জন নেতাকর্মী চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তারা হাসপাতালের নিচতলায় ঢুকে অভ্যর্থনাকক্ষ, চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার ও ডা: বাবরের কক্ষে ভাঙচুর চালান। আসবাব বাইরে এনে আগুন ধরিয়ে দেন। এ সময় দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা চার নারী রোগী আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যান। তাদের একজন ওই দিন দুপুর ১২টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন। আট ঘণ্টা বয়সী নবজাতককে নিয়েই তাকে হাসপাতাল ছাড়তে হয়। পরদিন বিকেল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আবার হাসপাতালে হামলা চালান। তারা ভবনের সব তলায় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার জানান, আগুনের খবর পাওয়ার পরও নিরাপত্তার অভাবে তারা ঘটনাস্থলে যেতে পারেননি। ফায়ার স্টেশনের বাইরে লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ কারণে গাড়ি বা অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে বের হওয়ার সুযোগ ছিল না।
এমপি/ আরআই