ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

স্তন ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমাবে রোশের নতুন ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৭, ২৪-১১-২০২৬

স্তন ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমাবে রোশের নতুন ওষুধ

ছবি: মেডিকেল পোস্ট

প্রাথমিক পর্যায়ের স্তন ক্যান্সারের চিকিৎসায় রোশের তৈরি নতুন ওষুধ উইলসারডলি (গিরেডেস্ট্র্যান্ট) অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। অস্ত্রোপচারের পর ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমাতে নির্দিষ্ট রোগীদের জন্য ওষুধটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। দুই দশকের বেশি সময় পর এ ধরনের রোগের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন দিল সংস্থাটি।

অনুমোদন অনুযায়ী, ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ (ইআর-পজিটিভ), এইচইআর২-নেগেটিভ প্রথম থেকে তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত এবং অস্ত্রোপচারের পর মাঝারি থেকে উচ্চমাত্রার পুনরাবৃত্তির ঝুঁকিতে থাকা রোগীরা ওষুধটি নিতে পারবেন। এ ধরনের ক্যান্সার স্তন ক্যান্সারের মোট আক্রান্তের প্রায় ৭০ শতাংশের ক্ষেত্রে দেখা যায়।

এদিকে দিনে একবার খাওয়ার এ ওষুধটি ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিস্তারে ইস্ট্রোজেনের ভূমিকা বাধাগ্রস্ত করে। পাশাপাশি ক্যান্সার কোষে ইস্ট্রোজেন রিসেপ্টরের সংখ্যাও কমায়।

৪ হাজার ১৭০ জন প্রাপ্তবয়স্ক রোগীর ওপর পরিচালিত শেষ পর্যায়ের একটি গবেষণার ভিত্তিতে ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে রোগীরা সর্বোচ্চ পাঁচ বছর উইলসারডলি অথবা প্রচলিত হরমোন থেরাপি গ্রহণ করেন। গবেষণায় দেখা গেছে, প্রচলিত চিকিৎসার তুলনায় উইলসারডলি গ্রহণকারীদের ক্যান্সার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ কমেছে।

রোশে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী কয়েক দিনের মধ্যে ওষুধটি বাজারে পাওয়া যেতে পারে। এর মাসিক তালিকামূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ ডলার।

এর আগে গত ১৬ নভেম্বর, উন্নত বা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া স্তন ক্যান্সারের নির্দিষ্ট কিছু রোগীর চিকিৎসায় এভারোলিমাসের সঙ্গে ব্যবহারের জন্য উইলসারডলিকে অনুমোদন দিয়েছিল এফডিএ। ওই অনুমোদনটি ছিল ইএসআর১ মিউটেশনযুক্ত টিউমারের রোগীদের জন্য।

এদিকে ওষুধটি ব্যবহারের পর রোগীরা দীর্ঘমেয়াদে বেশি দিন বেঁচে থাকছেন কি না, তা জানতে তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে এফডিএ। বাজারে আসার পর এ বিষয়ে গবেষণার ফলাফল সরবরাহ করতে সম্মত হয়েছে রোশে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন