শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০, ২৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৩ নভেম্বর) সকালে ফরিদপুরের সাউদার্ন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রসূতি কাকলি আক্তার ভাঙ্গা উপজেলার মুসকুনি গ্রামের বাসিন্দা। তার স্বামী ফরহাদ হোসেন।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার চিকিৎসক স্বপ্না বিশ্বাস জয়ের কাছে পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ নিতে গিয়েছিলেন কাকলি। তখন তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার সিজারের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনদের অভিযোগ, সকাল ৯টার দিকে হাসপাতালের সপ্তম তলার একটি সাধারণ বেডে কাকলিকে ভর্তি করা হয়। এ সময় তার পানি ভেঙে যায় এবং শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বেলা ১১টার দিকে ইসিজি করার পর নার্সরা মা ও সন্তান দুজনই সুস্থ আছেন বলে জানান। তবে নির্ধারিত সময়ে চিকিৎসক উপস্থিত না হওয়ায় অস্ত্রোপচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
পরিবারের ভাষ্য, দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে চিকিৎসক অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এরপর কাকলিকে সেখানে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। এ সময় অসুস্থ অবস্থায় তাকে ট্রলিতে করে নেওয়ার অনুরোধ করেন স্বজনেরা। কিন্তু দায়িত্বে থাকা দুই নার্স তাদের অনুরোধ উপেক্ষা করে হেঁটে যেতে বলেন। পরে স্বজনদের সহায়তায় হেঁটে অপারেশন থিয়েটারের দিকে যাওয়ার সময় ভেতরে মাথা ঘুরে মেঝেতে পড়ে যান কাকলি।
কাকলির ভাই সোহেল শেখ বলেন, ‘আমরা বারবার নার্সদের বলেছি, আমার বোনের শারীরিক অবস্থা ভালো না। সে হাঁটতে পারবে না। আপনারা দয়া করে ট্রলিতে করে ওটিতে নিয়ে যান। কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেননি। উল্টো বলেছেন, রোগীর তেমন কিছু হয়নি, হেঁটেই যেতে পারবেন।’
কাকলির বোন শিউলি শেখ আক্তার অভিযোগ করেন, তার বোন পড়ে যাওয়ার পর সিজার করা হয়। পরে চিকিৎসক নবজাতকের মৃত্যুর কথা জানান। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখতে পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় কাকলির স্বামী ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে হাসপাতালের অব্যবস্থাপনা এবং নার্সদের দায়িত্বে অবহেলা ও অসচেতনতাকে নবজাতকের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে চিকিৎসক স্বপ্না বিশ্বাস জয় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোগী মাথা ঘুরে পড়ে যাওয়ার পরপরই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তার ভাষ্য, রোগীর রক্তচাপ কম থাকায় মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
হাসপাতালের অন্যতম শেয়ারহোল্ডার চিকিৎসক গণপতি বিশ্বাস শুভ বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি পরিপূর্ণভাবে জেনে-বুঝে কী করা যায়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হাসপাতালে ২০ জন শেয়ারহোল্ডার রয়েছেন। আমি তাদের বিষয়টি অবহিত করছি এবং ঘটনাটি সবার নজরে আনছি।’
জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাটি যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত নার্সদের শনাক্ত করার চেষ্টা করছি।’
এমপি/ আরআই