শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪৩, ২৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, আইওয়া অঙ্গরাজ্যে সংরক্ষিত সিসা অ্যাজাইড নামের বিস্ফোরকের ৬৮টি ড্রাম বুধবার বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হবে। সেনাবাহিনীর আশঙ্কা, এ কাজে দেরি হলে বিস্ফোরকগুলো নিয়ন্ত্রণের বাইরে বিস্ফোরিত হতে পারে।
এদিকে ১১ পৃষ্ঠার এক আদেশে আদালত বলেছে, নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায় বাস্তব ও গুরুতর ঝুঁকি রয়েছে। তবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে মেয়াদোত্তীর্ণ ও ক্ষয়প্রাপ্ত বিস্ফোরকগুলো অনিয়ন্ত্রিতভাবে বিস্ফোরিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এ ঘটনায় হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আপিল আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিস্ফোরক ধ্বংসের কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন। আইওয়ার নবনির্বাচিত গভর্নর সম্মতি দিলেই কেবল পরিকল্পনাটি এগিয়ে নেওয়া হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এ পরিকল্পনা আটকে দেওয়া হলে এর ফলে কোনো প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ ঘটলে তার দায়ভার নবনির্বাচিত গভর্নরকে নিতে হবে। তিনি পরিস্থিতিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দীর্ঘমেয়াদি’ বলেও উল্লেখ করেন।
আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে তিনি যে তথ্য পেয়েছেন, আইওয়ার বাসিন্দাদেরও মূল সূত্র থেকে একই তথ্য জানার সুযোগ থাকা উচিত।
গত সপ্তাহে প্রকাশিত সতর্কবার্তায় বিস্ফোরক ধ্বংসের নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তুলে ধরা হয়। পরিকল্পনা অনুযায়ী, বিশেষজ্ঞরা মাটিচাপা দেওয়া কংক্রিটের তৈরি বিশেষ নিরাপত্তাকক্ষে বিস্ফোরকগুলো ধ্বংস করবেন। এসব স্থাপনার চারপাশে প্রায় দুই তলা ভবনের সমান উচ্চতার বালুভর্তি বিশেষ প্রতিরক্ষাব্যবস্থা বা ‘হেস্কো ব্যারিয়ার’ থাকবে।
বিস্ফোরণের আগে স্থাপনাগুলোর ওপরের মাটি পানি দিয়ে ভিজিয়ে রাখা হবে। পাশাপাশি চারপাশে পানি ছিটানোর বিশেষ যন্ত্র চালু থাকবে। এর উদ্দেশ্য বিস্ফোরণের ফলে বিষাক্ত সিসার কণা বাতাসে ছড়িয়ে পড়া এবং কারখানার বাইরে দূষণ ছড়ানোর ঝুঁকি কমানো।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিস্ফোরণের অভিঘাতে আশপাশের কিছু বাড়ির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে কাছাকাছি এলাকার কিছু বাসিন্দাকে ছয় ঘণ্টার জন্য বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বিস্ফোরণের ফলে সিসার কণা গোলাবারুদ কারখানা থেকে ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটার উত্তরে ছড়িয়ে পড়তে পারে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য দূষিত এলাকা এড়িয়ে চলতে অথবা ঘরের ভেতরে অবস্থান করে দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ছয় বছরের কম বয়সী শিশুরা সিসার বিষক্রিয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি সংবেদনশীল।
এমপি/ আরআই