ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

মেডিকেল কলেজে তিনটি বই রাখার নির্দেশনা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৮, ৩০-১০-২০২৬

মেডিকেল কলেজে তিনটি বই রাখার নির্দেশনা বাতিল

ছবি: মেডিকেল পোস্ট

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের গ্রন্থাগারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বই কেনা ও সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্প্রতি ওই নির্দেশনা বাতিল করা হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বই তিনটি কেনা ও গ্রন্থাগারে সংরক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, ‘২৭ সেপ্টেম্বরের জারিকৃত বই ক্রয়সংক্রান্ত পত্রটি বাতিল করা হল।’

মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে তিনটি বই কেনা এবং সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। বইগুলো হলো—মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’।

এদিকে, আগের নির্দেশনায় মেডিকেল কলেজগুলোর গ্রন্থাগারে বই তিনটি কেনা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে বলা হলেও তা বাতিলের কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি। নির্দেশনা বাতিলের কারণ জানতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আ. ন. ম. বজলুর রশীদও মন্তব্য করতে রাজি হননি।

এমপি/ আরআই

আরও পড়ুন