ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

অস্ত্রোপচারের পর গৃহবধূর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৫, ২৪-১১-২০২৬

অস্ত্রোপচারের পর গৃহবধূর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ছবি: মেডিকেল পোস্ট

ফেনীর সোনাগাজীতে ডিএনসি অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলায় জরায়ু ফুটো হয়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল (২৩ নভেম্বর) ঘটনার ১১ দিন পর জেলা সিভিল সার্জন কার্যালয় এ তদন্ত কমিটি গঠন করে।

কমিটির প্রধান করা হয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোহরাব আল হোসাইনকে। কমিটির অন্য সদস্যরা হলেন—জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডা: আদনান আহমেদ, কনসালটেন্ট (গাইনি) ডা: নিলুফা সুলতানা, কনসালটেন্ট (এনেস্থেশিয়া) ডা: সমর চন্দ্র, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনি) ডা: ফাহমিদা ইয়াসমিন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ ফাহাদ।

তদন্ত কমিটির প্রধান ডা: সোহরাব আল হোসাইন বলেন, ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করা হবে।

সিভিল সার্জন ডা: মো. আরিফুজ্জামান বলেন, কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৭ নভেম্বর তিন মাসের অন্তঃসত্ত্বা কামরুন নাহারের গর্ভপাতের পর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডিএনসি অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলায় তার জরায়ু ফুটো হয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনী, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর সকাল ৬টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৯ নভেম্বর কামরুন নাহারের বড় বোন নূরজাহান আক্তার সোনাগাজী মডেল থানা ও জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দাবি করা হয়।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন